প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২২ ২০:৪৭ পিএম
বিক্ষুব্ধ জনতার হাত থেকে রেহায় পেতে আত্মগোপনে যাওয়া লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবন থেকে ১ কোটি ৭৮ লাখ শ্রীলঙ্কান রুপি উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ জুলাই) থেকে প্রেসিডেন্ট ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা এই অর্থ উদ্ধার করেছেন। খবর ডেইলি মিররের।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া ও ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্টের বাসভবনের একটি ঘরের মেঝেতে কয়েকটি রুপির বান্ডিল রাখা। কয়েকজন ব্যক্তি সেই বান্ডিল খুলে রুপি গুনছেন।
জিম ইয়াকুস নামে এক ব্যক্তি টুইটারে টুইট করেছেন সেই ভিডিও। সঙ্গে দেওয়া ক্যাপশনে লিখেছেন, প্রেসিডেন্টের বাসভবন থেকে মোট ১ কোটি ৮০ লাখ শ্রীলঙ্কান রুপি উদ্ধার করা হয়েছে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, উদ্ধার করা এই অর্থ ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছেন বিক্ষোভকারীরা।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না।
এই পরিস্থিতিতে চলতি বছরের শুরু থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিল দেশটির সাধারণ জনগণ; কিন্তু দৃশ্যত সেই আন্দোলনকে গুরুত্ব না দিয়ে নিজের পদে অনড় ছিলেন গোতাবায়া রাজাপাকসে।