প্রবা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৩ পিএম
রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে অ্যাবের শেষকৃত্য পালনে বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের রাষ্ট্রীয় শেষকৃত্য শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)। এর মধ্যে কয়েক হাজার মানুষ বিক্ষোভ শুরু করেছেন। বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে অ্যাবের শেষকৃত্য পালন আরও অর্থনৈতিক সংকট তৈরি করবে বলে দাবি বিক্ষোভকারীদের।
বিবিসি জানিয়েছে, টোকিওর নিপ্পন বুদোকানে স্থানীয় সময় ২টায় অ্যাবের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অ্যাবের শেষকৃত্যে খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন জাপানের নাগরিকরা। এরই ধারাবাহিকতায় নিপ্পন বুদোকানের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরাও। ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা এ শেষকৃত্যের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছেন।
কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো জাপানকে মূল্যস্ফীতি পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে অ্যাবের শেষকৃত্য পালন করার ফলে এ অর্থনৈতিক সংকট আরও গভীর হবে।
এর আগেও যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়ে তার শেষকৃত্যে বেশি খরচ হচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
রানী এলিজাবেথের শেষকৃত্যে খরচ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানলেও ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, এতে আট মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ প্রায় ৯০ কোটি ১২ লাখ টাকা।
অন্য়দিকে, অ্যাবের শেষকৃত্যে সম্ভাব্য খরচ ধরা হয়েছে প্রায় ১৬৬ কোটি ইয়েন। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ প্রায় ১২০ কোটি ১৫ লাখ টাকা।
দেশটির সংবাদসংস্থা কোডে পরিচালিত এক জরিপে দেখা গেছে, জাপানের ৭০ শতাংশ মানুষ মনে করেন শেষকৃত্য আয়োজনে খুব বেশি টাকা খরচ করছে সরকার।
সাবেক প্রধানমন্ত্রী অ্যাবেকে শেষ শ্রদ্ধা জানাতে সাবেক-বর্তমান মিলে প্রায় অর্ধশত রাষ্ট্র ও সরকারপ্রধান টোকিও পৌঁছেছেন। তারা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করবেন। তিন দিনের এই আয়োজনকে ‘শেষকৃত্য কূটনীতি’ হিসেবেও অভিহিত করা হচ্ছে।
শিনজো অ্যাবে জাপানের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী ছিলেন। গত ৮ জুলাই জাপানের নারা শহরে একটি রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অ্যাবেকে গুলি করে হত্যা করা হয়।
প্রবা/এনএস/ এসআর