প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১২:৩৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩ ১২:৫৮ পিএম
তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি কান্নার ভিডিওচিত্রের স্ক্রিনশট। ছবি : সংগৃহীত
ভারতের দুর্নীতিবিষয়ক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক গ্রেপ্তার হয়ে কান্নায় ভেঙে পড়েন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি।
অর্থ আত্মসাতের মামলায় ১৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বুধবার তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারপর চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে গাড়ি থেকে নামার আগে শুয়ে শুয়েই কাঁদতে থাকেন তামিলনাড়ুর এই বিদ্যুৎমন্ত্রী।
সেই অবস্থায় তাকে চ্যাংদোলা করে গাড়ি থেকে নামিয়ে আনে পুলিশ। যে ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়ও।
একাধিক রিপোর্ট অনুযায়ী, যন্ত্রণায় কাঁদছিলেন সেন্থিল।
এদিকে তামিলনাড়ুর শাসক দল ডিএমকের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জন্য সেন্থিলকে গ্রেপ্তার করিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।
ওই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিজেপি।
সেন্থিলের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই মামলায় সুপ্রিমকোর্টের ছাড়পত্র পাওয়ার মাস কয়েক পরে মঙ্গলবার চেন্নাই, কারুর এবং ইরোডে অভিযান চালায় ইডি।
সেন্থিলের বাসভবনেও চলে অভিযান। তারপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যায় ইডির দল।
অস্বস্তি হচ্ছে জানানোর পরে সেন্থিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে কাঁদতে দেখা যায়।
ভিডিওতে দেখা গেছে, চেন্নাইয়ের একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পর গাড়িতে শুয়ে আছেন সেন্থিল।
এরই মধ্যে তামিলনাড়ুর মন্ত্রী পিএকে শেখর বাবু দাবি করেন, সেন্থিলকে ‘নির্যাতন’ করার চিহ্ন মিলেছে।
তিনি বলেন, ‘ও এখন আইসিইউতে ভর্তি আছে। সংজ্ঞা নেই ওর। আমি ওর নাম ধরে ডাকার পরও সাড়া দেয়নি ও। ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওর কানের কাছে ফুলে আছে। ইসিজির গ্রাফও ওঠানামা করছে। ওর শরীরে নির্যাতনের চিহ্ন আছে।’
তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী ও ডিএমকে যুব শাখার প্রধান উদয়নিধি স্ট্যালিন বলেছেন, ‘আমরা আইনগতভাবে এর মোকাবিলা করব। ডিএমকে ভয় দেখিয়ে ভয় পাবে না বিজেপি।’
তবে সেন্থিলের শারীরিক অবস্থার বিষয়ে ইডির পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, বুধবার (১৪ জুন) তাকে আদালতে পেশ করা হবে।
তবে, হাসপাতাল সূত্রে জানা গেছে, সেন্থিলকে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সূত্র : এনডিটিভি