প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৫:৪৬ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ১৬:০১ পিএম
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভারতীয় নারী কুস্তিগির সাক্ষী মালিক। ছবি : সংগৃহীত
ভারতের রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সাবেক সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অডিও, ভিডিও তথ্যপ্রমাণ পেশ করেছেন চার কুস্তিগির।
এর আগে এক নাবালিকাসহ মোট সাত কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এর মধ্যে নাবালিকা কুস্তিগির পরবর্তীতে বয়ান বদলে জানান, ব্রিজভূষণ তাকে যৌন হেনস্থা করেননি।
এই পরিস্থিতির মধ্যে পুলিশ হেনস্থার শিকার কুস্তিগিরদের থেকে তথ্যপ্রমাণ চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রবিবার (১১ জুন) চার কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে অডিও, ভিডিও তথ্যপ্রমাণ পেশ করেছেন বলে জানা গেছে।
যে কারণে ব্রিজভূষণকে ওই যৌন হেনস্থার মামলায় মূল অভিযুক্ত করার জন্য 'ইন্ডাইক্টমেন্ট' ফাইল করতে চলেছে পুলিশ।
এর আগে সিআরপিসি ৯১ নং ধারা অনুযায়ী বিশেষ তদন্তকারী দল ছয় কুস্তিগিরকে তলব করেছিল। ৫ জুন ওই কুস্তিগিররা হাজিরা দিয়েছিল পুলিশের কাছে।
পুলিশের বক্তব্য, এ ধরনের মামলায় অভিযোগ প্রমাণ করার দায় বর্তায় তদন্তকারী সংস্থার ওপর। তাই তারা তথ্যপ্রমাণ সংগ্রহ করতে চাইছেন।
এই পরিস্থিতিতে অভিযোগকারী ছয় কুস্তিগিরকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রমাণ পেশ করার জন্য।
এর মধ্যে চারজন অডিও, ভিডিও তথ্যপ্রমাণ পেশ করেছেন পুলিশের কাছে।
এদিকে কুস্তিগিরদের প্রমাণ পেশ করার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় কেন দেওয়া হলো, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও পুলিশের বিরুদ্ধে এই তদন্তে গড়িমসি করার অভিযোগ উঠেছিল। প্রথমে তো এফআইআরও নিতে চায়নি পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত এফআইআর নিয়েছিল তারা।
এদিকে সম্প্রতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্তে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছে দিল্লি পুলিশ।
জানা গেছে, গোন্দা, লখনৌ ও অযোধ্যায় গিয়ে একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সাবেক প্রধান ব্রিজভূষণের অধীনে কর্মরত কর্মী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলেছে।
গোন্দায় ব্রিজভূষণের বাড়িতেও গেছে পুলিশ। সেখানে ব্রিজভূষণের আত্মীয়, কর্মী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।
অন্যদিকে লখনৌ ও অযোধ্যা গিয়েও ব্রিজভূষণের বর্তমান এবং সাবেক সহযোগীদের সঙ্গে কথা বলে পুলিশ।
তা ছাড়া কুস্তি ফেডারেশনের বর্তমান ও প্রাক্তন বেশ কিছু কর্মীর সঙ্গেও যোগাযোগ করে তাদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা।
সূত্র : হিন্দুস্তান টাইমস