প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১২:০৬ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ১২:১১ পিএম
ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ। ছবি : সংগৃহীত
নিউইয়র্কের সিরাকিউস শহরে রবিবার (১১ জুন) মধ্যরাতে এক সমাবেশে গুলি, ছুরিকাঘাত ও গাড়ির ধাক্কায় ১৩ জন আহত হয়েছে।
শত শত মানুষের ওই বিশাল সমাবেশে গুলি চালানোর খবর পেয়ে সেখানে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আহত ১৩ জনের মধ্যে ১৭ থেকে ২২ বছর বয়সি ৪ জনের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে।
১৭ থেকে ২৫ বছর বয়সি ৬ জনের মাথায় ও শরীরে যে আঘাতের চিহ্ন ছিল, তা দেখে ছুরিকাঘাতের হামলা বলে মনে হয়েছে।
এ ছাড়াও ২২ ও ২৩ বছর বয়সি ৩ জনকে গাড়ির দ্বারা আঘাত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহত ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।
তবে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : এনবিসি নিউজ