প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১১:৪৬ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩ ১১:৫৮ এএম
বাখমুতের ফ্রন্ট লাইনে যুদ্ধরত ইউক্রেনের তৃতীয় অ্যাসল্ট ব্রিগেডের সেনারা। ছবি : সংগৃহীত
ইউক্রেনের যুদ্ধ পর্যবেক্ষণ করে ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, ‘রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করেছে।’
বৃহস্পতিবার একাধিক টুইট বার্তায় আইএসডব্লিউ বলেছে, ‘ইউক্রেনজুড়ে কার্যকলাপের বিভিন্ন সূচক জানান দিচ্ছে যে, মস্কোর বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে কিয়েভের বাহিনী।’
যদিও ইউক্রেনের সামরিক কর্মকর্তারা রাশিয়া বাহিনীর দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য তাদের দীর্ঘ প্রতীক্ষিত অভিযানের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকার করেছেন।
তবে তারা নিশ্চিত করেছেন যে, তাদের বাহিনী বাখমুত অঞ্চলে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
আইএসডব্লিউ বলেছে যে, এটি সম্পূর্ণ ফ্রন্ট লাইনজুড়ে ইউক্রেনের পাল্টা আক্রমণাত্মক প্রচেষ্টার সামরিক কার্যকলাপের বৃদ্ধি লক্ষ্য করেছে। এই আক্রমণ সম্ভবত অনেক সপ্তাহ ধরে বিভিন্ন আকার এবং তীব্রতার সঙ্গে বিভিন্ন স্থানে পরিচালিত হবে।’
ইউক্রেনীয় কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে, পাল্টা আক্রমণ শুরু হবে কিন্তু তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে না।
অন্য বিশেষজ্ঞরাও উপসংহারে পৌঁছেছেন যে, এক হাজার কিলোমিটারেরও বেশি ফ্রন্ট লাইন বরাবর এলাকায় লড়াই তীব্র হওয়ার মধ্য দিয়েই অভিযান শুরু হয়েছে।
এক সিনিয়র অফিসার এবং ফ্রন্ট লাইনের কাছাকাছি এক সেনাকে উদ্ধৃত করে এনবিসি নিউজ জানিয়েছে, ‘আক্রমণ শুরু হয়েছে।’
ওয়াশিংটন পোস্ট ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চার সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে বৃহস্পতিবার একই তথ্য জানিয়েছে।
এই প্রতিবেদনগুলো সম্পর্কে জানতে চাইলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের এক মুখপাত্র রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, ‘আমাদের কাছে এমন কোনো তথ্য নেই।’
বৃহস্পতিবার তার রাত্রিকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে ভারী লড়াইয়ের প্রশংসা করেছেন।
জেলেনস্কি বলেন, ‘আমি আমাদের সেনাবাহিনীর সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি। খোর্টিটসিয়া, টাভরিয়ার কমান্ডাররা দোনেৎস্ক অঞ্চলে খুব কঠিন যুদ্ধ করছেন।’
তিনি আরও বলেন, ‘আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। বাখমুতে ধাপে ধাপে উন্নতি হয়েছে। আমি আমাদের প্রত্যেক যোদ্ধাকে ধন্যবাদ জানাই!’
বুধবার একটি পডকাস্টে যুক্তরাষ্ট্রের গবেষণা গোষ্ঠী সেন্টার ফর নেভাল অ্যানালাইসিসের মাইকেল কফম্যান বলেছেন, ‘ইউক্রেন বাহিনী পূর্বাঞ্চলীয় শহর ভেলিকা নোভোসিল্কা এবং অন্য পয়েন্টগুলোর কাছে আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে বলে যুদ্ধ একটি গুণগত মোড় নিয়েছে। আমি মনে করি এটি ইউক্রেনীয় আক্রমণের শুরু।’
আল জাজিরার জোনাহ হুল কিইভ থেকে জানিয়েছেন, ‘ইউক্রেন স্পষ্ট করে দিয়েছে যে, এটি যা করছে তা জানাবে না।’
হুল বলেন, ‘রাশিয়ার দুর্বলতাগুলো অনুসন্ধান করেই এগোতে চাচ্ছে ইউক্রেন।’
এদিকে রাশিয়া জানিয়েছে, তাদের বাহিনী বৃহস্পতিবার ভোরে জাপোরিজিয়া অঞ্চলে ইউক্রেনের সেনাদের সঙ্গে দুই ঘণ্টা যুদ্ধ করেছে।
সূত্র : আলজাজিরা