প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৬:০৩ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩ ১৮:০২ পিএম
নিরাপত্তা ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সন্ত্রাস দমনেও বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
নিরাপত্তা ও বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে নিজেদের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘গত বছর আমরা একটি বার্ষিকী উদযাপন করেছি, যেটি বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কিত এবং ২০২৩ সালে আমরা সেই সম্পর্ককে আরও গভীর করার জন্য উন্মুখ। এমন বেশ কিছু ক্ষেত্র রয়েছে যেগুলোতে আমরা এ সহযোগিতা আরও গভীর করতে চাই।’
বুধবার (৭ জুন) পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেল এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘নিরাপত্তা সহযোগিতা ছাড়াও জলবায়ু, বাণিজ্য ও অন্য অনেক বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।’
বাংলাদেশে সন্ত্রাস দমনে মার্কিন সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে প্যাটেল বলেন, ‘অবশ্যই এটি এমন একটি সমস্যা যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কিছু সহকর্মীর সঙ্গে এ বিষয়ে অনেক কথা বলেছি। তার মধ্যে একটি ছিল বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার সুযোগ।’