× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ ঘণ্টা বৈঠকের পর আন্দোলন স্থগিত করলেন ভারতের কুস্তিগিররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১৩:৪১ পিএম

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভারতীয় নারী কুস্তিগির সাক্ষী মালিক। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভারতীয় নারী কুস্তিগির সাক্ষী মালিক। ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় সরকারের আশ্বাস পেয়ে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রতিবাদী কুস্তিগিররা।

বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্র আশ্বাস দিয়েছে, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সাবেক প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে তদন্ত ১৫ জুনের মধ্যে শেষ হবে।

এ আশ্বাস পাওয়ার পর বজরংরা জানিয়েছেন, ১৫ জুন পর্যন্ত তাদের আন্দোলন স্থগিত থাকবে। তার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।

বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধে তার বাড়িতে বৈঠক করতে যান বজরংরা। সেখানে পাঁচটি দাবি জানান তারা। ৫ ঘণ্টা ধরে চলে সেই বৈঠক।

তার পরে অনুরাগ বলেন, ‘আমরা আশ্বাস দিয়েছি ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করা হবে। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) নির্বাচন প্রক্রিয়াও ৩০ জুনের মধ্যে শেষ হবে।’

অনুরাগ আরও বলেন, ‘রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) একটি অভ্যন্তরীণ কমিটি তৈরি করা হবে। সেই কমিটির প্রধান থাকবেন একজন নারী।’

এ আশ্বাসের পরে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বজরংরা।

বৈঠকের পর বজরং বলেছেন, ‘কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের দাবি জানিয়েছি। তিনি বলেছেন ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ হবে। ততদিন আমরা আন্দোলন স্থগিত রাখছি। ১৫ জুনের পর পরবর্তী সিদ্ধান্ত নেব।’

আরেক প্রতিবাদী কুস্তিগির সাক্ষী মালিক বলেন, ‘কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ হবে। আমরা দাবি করেছিলাম আমাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ যে এফআইআর করেছিল সেগুলো তুলে নিতে হবে। ওরা তাতে রাজি হয়েছে। যদি ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ না হয় তাহলে আমরা আবার আন্দোলন শুরু করব।’

বুধবারের বৈঠকে কুস্তিগিররা যে পাঁচটি দাবি করেছিলেন সেগুলো হলো—রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে, সংস্থাটির প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দিতে হবে, ব্রিজভূষণ ও তার পরিবারের কেউ ডব্লিউএফআইয়ের সঙ্গে জড়িত থাকতে পারবেন না, কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে, তা খারিজ করতে হবে এবং ব্রিজভূষণকে গ্রেপ্তার করতে হবে।

এ দাবিগুলোর মধ্যে ব্রিজভূষণের গ্রেপ্তারিসংক্রান্ত দাবি মানেনি কেন্দ্র। তবে সুষ্ঠুভাবে তদন্ত হবে বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

ততদিন বজরংদের আন্দোলন স্থগিত রাখার অনুরোধ করেছেন অনুরাগ। সেই অনুরোধ মেনে নিয়েছেন কুস্তিগিররা।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা