প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১১:৩৪ এএম
আপডেট : ০৮ জুন ২০২৩ ১১:৫২ এএম
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়ছে ফিলিস্তিনি যুবক। ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শহর রামাল্লায় ইসরায়েলি সেনাদের অভিযানের
সময় তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এক দল ফিলিস্তিনি তরুণ। পরে তাদের লক্ষ্য করে
ইসরায়েলি সেনারা গুলি ছুড়লে বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা
হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বৃহস্পতিবার
(৮ জুন) ভোরে একটি ইসরায়েলি সামরিক কনভয় রামাল্লার একটি বাড়ি ভেঙে ফেলার অভিযান শুরু
করলে কয়েকশ ফিলিস্তিনি সেই এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। যদিও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ফিলিস্তিনিদের ককটেল ছুড়তে দেখা গেছে।
ইসরায়েলি সেনারা এ সময় পাথরের জবাবে ফিলিস্তিনি তরুণদের লক্ষ্য করে
তাজা গুলি, স্টান গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সেনারা জেরুজালেমে ইমপ্রোভাইসড বোমা হামলা
চালানোর সঙ্গে জড়িত একজন সন্দেহভাজন ব্যক্তির বাড়ি ধ্বংসের উদ্দেশে অভিযান শুরু করে।
গত বছর চালানো এ হামলায় এক ইসরায়েলি কানাডীয় কিশোরসহ ২ জন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত
হয়েছিল।
সূত্র : আলজাজিরা