× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১০:০৭ এএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১২:২৩ পিএম

নিউ ইয়র্কের সুউচ্চ ভবনগুলো হলুদ ধোঁয়ায় ঢেকে গেছে। ছবি : এএফপি

নিউ ইয়র্কের সুউচ্চ ভবনগুলো হলুদ ধোঁয়ায় ঢেকে গেছে। ছবি : এএফপি

কানাডার দাবানল থেকে সৃষ্টি হওয়া ধোঁয়ার মেঘ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে কানাডার রাজধানী অটোয়া পর্যন্ত শিশুদের বাড়ির ভেতরে থাকতে বাধ্য করছে। এমনকি নিউইয়র্কের লক্ষ লক্ষ বাসিন্দাকে অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে হচ্ছে। শহরটির বিমান বন্দরে ফ্লাইট ওঠানামাও বন্ধ হয়ে গেছে ধোঁয়ায়।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ৭ কোটি ৫০ লাখ মানুষ ধোঁয়ার কারণে দেওয়া স্বাস্থ্য সতর্কতার মধ্যে রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আইকনিক সুউচ্চ ভবনগুলো ধোঁয়ায় ঢেকে গেছে। কর্তৃপক্ষ বলছে, এই ধোঁয়া বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত স্থায়ী হতে পারে।

সরকারি ওয়েবসাইট এয়ারনাউ জানিয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ফিলাডেলফিয়া, নিউ জার্সি, জার্সি সিটি, নিউ হ্যাভেন ও কানেকটিকাটে একিউআই (বাতাসের বিশুদ্ধতার মাত্রা) স্কেলে বাতাসের মাত্রা ছিল ২০০ থেকে ৩০০, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়। আর নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস জানিয়েছেন, শহরটিতে বাতাসের একিউআই মাত্রা ছিল ৪৮৪, যা একেবারে বিপজ্জনক পর্যায় বলে বিবেচিত। শহরের গভর্নর বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ করেছেন।

ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে বুধবার বাতাসের পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ রেড এলার্ট জারি করেছে। অনেক এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। রাজ্যটির স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জেমস গ্যারো বলেন, বয়স্ক, ছোট শিশু ও যারা গর্ভবতী, যাদের হার্ট বা ফুসফুসে সমস্যা রয়েছে, তারা এই ধোঁয়ার কারণে মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়তে পারেন। এমনকি যারা এর মধ্যে নেই, আমরা তাদেরও বাইরে জগিং বা ব্যায়াম করা থেকে বিরত থাকতে অনুরোধ করছি।

তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই সবাইকে অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একান্ত প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করার অনুরোধ করছি।’     

এদিকে নিউইয়র্কের এলার্জি বিশেষজ্ঞ ড. পুরভি পারিখ বলেছেন, দূষণের এই বিশাল মেঘ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে এবং এর মাত্রা কেমন হবে, তা ব্যক্তি ও এক্সপোজারের পরিমাপের ওপর নির্ভর করে।  

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এই অবস্থায় বাইরে গেলে মুখে এন৯৫ বা কেএন৯৫ মাস্ক পরতে হবে। কারণ দাবানলের ধোঁয়ায় থাকে পিএম২.৫-এর মতো ক্ষতিকর ক্ষুদ্রতম কণা। শ্বাস নেওয়া হলে এটি ফুসফুসের টিস্যু দিয়ে রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। এটি সাধারণত জীবাশ্ম জ্বালানির দহন, ধুলো ঝড় ও দাবানলের মতো উৎস থেকে আসে। হাঁপানি, হৃদরোগ এবং অন্যান্য শ্বাসযন্ত্রের অসুস্থতাসহ বেশ কয়েকটি স্বাস্থ্য জটিলতার সঙ্গে পিএম২.৫-এর সম্পর্ক রয়েছে।  

এদিকে দাবানলের ধোঁয়ায় কানাডার রাজধানী অটোয়াতেও বাতাসের অবস্থা খুবই খারাপ। কর্তৃপক্ষ সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া কুইবেকের অনেক এলাকা থেকে দাবানলের কারণে বহু মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে সোমবার (৫ জুন) কানাডার জরুরি অবস্থা মোকাবিলা মন্ত্রী বিল ব্লেয়ার জানান, কানাডায় গত কয়েক সপ্তাহে অন্তত ৪১৩টি দাবানলের ঘটনা ঘটেছে। এসবের মধ্যে অন্তত ২৪৯টি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। কর্তৃপক্ষের শঙ্কা, চলতি বছর আমাদের রেকর্ড দাবানলের মুখোমুখি হতে হবে।


সূত্র : সিএনএন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা