প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৪:১০ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ১৪:৪৪ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
কিয়েভকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত দেশগুলোর নেতাদের সঙ্গে চূড়ান্ত চুক্তির অপেক্ষায় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি ওই দাবি করে বলেন, ‘শিগগিরই এফ-১৬ যুদ্ধাবিমান পাওয়ার বিষয়ে সরবরাহকারীদের সঙ্গে চূড়ান্ত চুক্তি করবে কিয়েভ।’
জেলেনস্কি তার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘আমাদের অংশীদাররা জানেন যে, আমাদের কতগুলো বিমান দরকার। আমি ইতিমধ্যেই আমাদের কিছু ইউরোপীয় মিত্রদের কাছ থেকে যুদ্ধবিমানের সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি। এটি একটি শক্তিশালী প্রস্তাব।’
জেলেনস্কি বলেন, ‘কিয়েভ এখন তার মিত্রদের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির অপেক্ষা করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ চুক্তিও রয়েছে।’
তবে, কিয়েভের কোন মিত্ররা ইউক্রেনে বিমান পাঠাতে প্রস্তুত তা স্পষ্ট করেননি তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে জি-৭ নেতাদের বলেছিলেন, ওয়াশিংটন এফ-১৬ বিমানে ইউক্রেনের পাইলটদের জন্য যৌথ সহযোগী প্রশিক্ষণ কর্মসূচি সমর্থন করে।
তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘ওয়াশিংটন বিমান পাঠানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।’
জেলেনস্কি দীর্ঘদিন ধরেই এফ-১৬ জেটের জন্য আবেদন করে বলছেন যে, ইউক্রেনের পাইলটদের সঙ্গে ওই যুদ্ধবিমানের সংযুক্তি রাশিয়ার পরাজয় নিশ্চিত করবে।
এদিকে, রাশিয়া মঙ্গলবার সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-১৬ যুদ্ধবিমানগুলো কিয়েভকে সরবরাহ করার বিষয়টি সংঘর্ষকে আরও বাড়িয়ে তুলবে।
সূত্র : এনডিটিভি