× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুস্তিগিরদের দ্বিতীয় দফা বৈঠকের জন্য ডাকলেন অমিত শাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৩:৩১ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৬:৪৫ পিএম

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভারতীয় নারী কুস্তিগির সাক্ষী মালিক। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভারতীয় নারী কুস্তিগির সাক্ষী মালিক। ছবি : সংগৃহীত

ভারতের বিজেপির সাংসদ এবং রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ব্যবস্থা নেওয়া না হলে তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে বলে এনডিটিভিকে জানিয়েছেন অলিম্পিয়ান কুস্তিগির বজরং পুনিয়া।

এর পরই বুধবার (৭ জুন) বিক্ষোভকারী কুস্তিগিরদের দ্বিতীয় দফা আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বজরং পুনিয়া বলেন, ‘বিক্ষোভকারীদের সঙ্গে অমিত শাহের শনিবারের প্রথম দফা বৈঠকটি গোপন রাখতে বলেছিল সরকার।’

তিনি বলেন, বিক্ষোভকারীরা তাদের দাবি থেকে পিছপা হবে না।

এক বিশ্বস্ত সূত্র জানান, ওই সাক্ষাৎকারের পর বজরং পুনিয়া অমিত শাহের কাছ থেকে ফোনকল পান। ওই ফোনকলে কুস্তিগিরদের দ্বিতীয় দফা বৈঠকে আমন্ত্রণ জানান অমিত শাহ। 

সেই বৈঠক আজ হতে পারে বলে জানা গেছে।

পুনিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রথম বৈঠকে বলেছিলেন, ‘কুস্তিগিররা কোনো গোপন বৈঠক চায় না।’

ফোনকলের পরপরই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে আলোচনার জন্য কুস্তিগিরদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বুধবার দুপুরে একটি পোস্টে অনুরাগ ঠাকুর লিখেছেন, ‘সরকার কুস্তিগিরদের সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। আমি আবারও কুস্তিগিরদের আমন্ত্রণ জানাচ্ছি।’

শনিবার অমিত শাহের সঙ্গে কুস্তিগিরদের গভীর রাতে বৈঠকের বিশদ জানিয়ে বজরং পুনিয়া বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত চলছে।

পুনিয়া বলেন, ‘আন্দোলন শেষ হয়ে যায়নি, এটা চলতেই থাকবে। আমরা এটাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে কৌশল নিচ্ছি। সরকারের প্রতিক্রিয়ায় ক্রীড়াবিদরা সন্তুষ্ট নন, সরকারও আমাদের দাবিতে রাজি হচ্ছে না।’

প্রথম দফায় পুনিয়া, সাক্ষী মালিক, সংগীতা ফোগাট ও সত্যওয়ার্ত কাদিয়ানের সঙ্গে রাতে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেছিলেন অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী কুস্তিগিরদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘আইন সবার জন্য সমান। তাই আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন।’

এক নাবালিকাসহ সাত নারী কুস্তিগির ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।

দুটি এফআইআরে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শ্বাস পরীক্ষা করার অজুহাতে নারী ক্রীড়াবিদদের অনুপযুক্তভাবে স্পর্শ করার, তাদের প্রলুব্ধ করার, অনুপযুক্ত ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা এবং যৌন সুবিধার দাবি করার অভিযোগ আনা হয়েছে।

কুস্তিগিররা নিরপেক্ষ তদন্ত এবং কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দিল্লি পুলিশ ব্রিজভূষণ শরণ সিংকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে এবং ভারতের রেসলিং ফেডারেশনের তিন-চার জন সদস্যের বক্তব্য রেকর্ড করেছে বলে জানা গেছে।

ব্রিজভূষণ শরণ সিংয়ের দিল্লির বাড়ির কিছু কর্মীকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা