প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ০৯:৪০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ১০:৩৮ এএম
ঘটনাস্থল খতিয়ে দেখছেন পুলিশ। ৬ জুন ভার্জিনিয়া রাজ্যের রিচমন্ড পার্ক এলাকায়। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে হাইস্কুল সমাবর্তনে এক যুবকের গুলিতে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। মঙ্গলবার (৬ জুন) ভার্জিনিয়া রাজ্যের রিচমন্ড পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ১৯ বছর বয়সি সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিবিসি, রয়টার্সের বুধবারের (৭ জুন) প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রিক এডওয়ার্ডস বলেছেন, গুলির ঘটনায় নিহত দুজনই পুরুষ। নিহতদের একজন ১৮ বছর বয়সি ছাত্র। অন্যজন ৩৬ বছর বয়সি এক ব্যক্তি। তারা সমাবর্তনে অংশ নিয়েছিলেন।
আটক ১৯ বছর বয়সি সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগ এনে মামলা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার উদ্দেশ্য জানা যায়নি।
এডওয়ার্ডস বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত দুজনের অন্তত একজনকে আগে থেকে চিনতেন বলে আমাদের ধারণা। পুলিশ দ্বিতীয় আরেক ব্যক্তিকেও আটক করেছিল। কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি