× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

খেরসনের জলবিদ্যুৎ বাঁধে হামলা, প্লাবিত হচ্ছে শহর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৭:১৭ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১৭:২৬ পিএম

নোভা কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে খেরসনের ভাটি অঞ্চল। ছবি : সংগৃহীত

নোভা কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে খেরসনের ভাটি অঞ্চল। ছবি : সংগৃহীত

রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের খেরসন প্রশাসনিক অঞ্চলের একটি জলবিদ্যুৎ বাঁধে মঙ্গলবার (৬ জুন) ভোরে বড় ধরনের হামলা হয়েছে। এতে করে ডিনিপার নদীর নোভা কাখোভকা জলবিদ্যুৎ বাঁধের ২৮টি স্প্যানের মধ্যে ১৪টিই বিধ্বস্ত হয়েছে। ফলে প্লাবিত হতে শুরু করেছে ভাটি অঞ্চলের বিভিন্ন বসতি। 

মঙ্গলবার খেরসনের স্থানীয় প্রশাসনের প্রধান ভ্লাদিমির লিওন্তিয়েভ সাংবাদিকদের বলেন, নোভা কাখোভকা জলবিদ্যুৎ বাঁধের উল্লেখযোগ্য অংশ ধ্বংস হয়ে গেছে। এতে করে খেরসনের ওই অঞ্চল ইতোমধ্যে প্রায় ১০ মিটার পানি নিচে তলিয়ে গেছে। পানি আরও ২ মিটার বাড়তে পারে। অবশ্য তিন দিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। 

বন্যা থেকে বাঁচতে করসুনস্কা ও ডিনিপ্রিয়ানি শহরের প্রায় ৩০০টি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী দুই দিনে আরও নতুন নতুন অঞ্চল প্লাবিত হবে। এতে করে মোট ১৪টি বসতির প্রায় ২২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে।  

বিবিসি জানায়, নোভা কাখোভকা জলবিদ্যুৎ বাঁধে কে হামলা চালিয়েছে, তা নিয়ে রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দুষছে। রাশিয়া বলছে, ইউক্রেন হামলা চালিয়েছে। আর ইউক্রেন বলছে, রাশিয়া হামলা চালিয়েছে। কোনো পক্ষের দাবি এখন পর্যন্ত যাচাই করে দেখতে পারেনি বিবিসি ও অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যম।  

বেশ কয়েক মাস ধরে রাশিয়ার কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে বড় ধরনের পাল্টাহামলার পরিকল্পনা করছে ইউক্রেন। ৪ জুন ভোর থেকে তা কিছু মাত্রায় শুরু হয়েছে। মস্কো ও কিয়েভ উভয়ে তা স্বীকার করেছে। 

মস্কোর দাবি, তারা ইউক্রেনের পাল্টাহামলার শুরুতেই গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এতে ইউক্রেনের প্রায় ২৫০ সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে অনেক ট্যাংক, গোলাবারুদ ও সাঁজোয়া যান। 

কিন্তু ৫ জুন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন উল্টো কথা। তার দাবি, তারা বেশ সফলভাবে হামলা শুরু করেছে। তাদের সেনারা বহুল আলোচিত বাখমুতের দিকে এগিয়ে যাচ্ছে। 

সূত্র : আরটি, বিবিসি


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা