প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ২২:০৩ পিএম
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ভারতের কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা সিবিআইয়ের তদন্তের সুপারিশ করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার (৪ জুন) সন্ধ্যায় এ খবর জানান দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতের রেলমন্ত্রী বলেন, ‘যা তথ্য পাওয়া গিয়েছে, সব মাথায় রেখেই এই দুর্ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার সুপারিশ করেছে রেলওয়ে বোর্ড।’
শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টা নাগাদ ওড়িশায় বালেশ্বরের কাছে বাহানগর বাজারে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালবাহী ট্রেনও। ৩ ট্রেনের দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে বলে রবিবার সকালে জানায় ওড়িশা সরকার।
ওই দিন সকালেই দুর্ঘটনাস্থল থেকে রেলমন্ত্রী বলেন, ‘রেলের নিরাপত্তা সংক্রান্ত কমিশনার(সিআরএস) দুর্ঘটনাস্থলে ছিলেন... সিআরএস সবার সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত তদন্ত করেছেন। দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে।’ এরপর দিয়েই জানান, এ ঘটনার নেপথ্যে যারা রয়েছেন, তাদের চিহ্নিত করা হয়েছে।
দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না, সে প্রসঙ্গে অশ্বিনী বলেন, ‘এখনই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।’ পাশাপাশি তদন্ত-রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি। পরে রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশের কথা জানান রেলমন্ত্রী। সূত্র: আনন্দবাজার পত্রিকা