প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৪:৪৬ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৩ ১৫:০২ পিএম
নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে তুরস্কের আঙ্কারায় সংবাদ সম্মেলনে কথা বলছেন এরদোয়ান। ছবি : আলজাজিরা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন।
এরদোয়ান শনিবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া তার আগের মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে পরিবর্তন করেছেন।
নতুন মন্ত্রিসভায় দেশটির সাবেক অর্থনীতিবিষয়ক প্রধান এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত সাবেক ব্যাংকার মেহমেত সিমসেককে ট্রেজারি ও অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
অর্থমন্ত্রী পদে মেহমেত সিমসেকের নিয়োগের ফলে এরদোয়ানের বহু বছরের অপ্রচলিত অর্থনৈতিক নীতি থেকে বিদায় নিতে পারে তুরস্ক।
মেহমেত সিমসেক একজন সাবেক মেরিল লিঞ্চ অর্থনীতিবিদ এবং এরদোয়ানের অপ্রচলিত অর্থনৈতিক নীতির বিরোধিতাকারী হিসেবে পরিচিত।
এরদোয়ানের গোয়েন্দাপ্রধান এবং সাবেক সেনাসদস্য হাকান ফিদান পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব।
এরদোয়ানের ঘনিষ্ঠ সহযোগীদের একজন ফিদান ২০১০ সাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান এবং তার আগে এরদোয়ানের উপদেষ্টা ছিলেন।
তুরস্কের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াসার গুলারের নাম ঘোষণা করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে।
এরদোয়ান আরও ঘোষণা করেছেন যে, সেভদেত ইলমাজ তার ভাইস প্রেসিডেন্ট হবেন।
ইলমাজ এর আগে উন্নয়ন মন্ত্রী, এরদোয়ানের রাজনৈতিক দলের অর্থনৈতিকবিষয়ক ডেপুটি চেয়ারম্যান এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এরদোয়ানের নতুন মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব যারা পেয়েছেন তারা হলেন-- ভাইস প্রেসিডেন্ট- সেভদেত ইলমাজ, পররাষ্ট্রমন্ত্রী- হাকান ফিদান, ট্রেজারি ও অর্থমন্ত্রী- মেহমেত সিমসেক, প্রতিরক্ষামন্ত্রী- ইয়াসার গুলার, স্বরাষ্ট্রমন্ত্রী- আলী ইয়ারলিকায়া, শিক্ষামন্ত্রী- ইউসুফ তেকিন, বিচার মন্ত্রী- ইলমাজ টুঙ্ক, পরিবার ও সমাজসেবা মন্ত্রী- মাহিনুর ওজদেমির গোক্তাস, শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী- বেদাত ইশিখান, পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী- মেহমেত ওজাসেকি, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী- আলপারসলান বায়রাক্তার, যুব ও ক্রীড়া মন্ত্রী- ওসমান আসকিন বক, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী- মেহমেত নুরি এরসয়, স্বাস্থ্যমন্ত্রী- ফাহরেটিন কোকা, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী- মেহমেত ফাতিহ কাসির, কৃষি ও বনমন্ত্রী- ইব্রাহিম ইউমাকলি, বাণিজ্যমন্ত্রী- ওমর বোলাত এবং পরিবহন ও অবকাঠামো মন্ত্রী- আব্দুল কাদির উরালোগ্লু।
সূত্র : আলজাজিরা