প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৫:৪৮ পিএম
আপডেট : ৩০ মে ২০২৩ ১৬:০১ পিএম
জার্মান চ্যান্সেলর ওলফ শলৎসের সঙ্গে করমর্দনরত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান (ফাইল ফটো)। ছবি : সংগৃহীত
তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস।
তখন এরদোয়ানকে বার্লিন সফরের আমন্ত্রণ জানিয়েছেন শলৎস। এএফপি সোমবার এ কথা জানিয়েছে।
রক্ষণশীল এরদোয়ান তুরস্কের সবচেয়ে দীর্ঘমেয়াদি নেতা। রবিবার নির্বাচনে প্রতিপক্ষকে হারিয়ে ঐতিহাসিক জয়ের মাধ্যমে তার দুই দশকের শাসনের মেয়াদ বাড়িয়েছেন।
জার্মান সরকার এক বিবৃতিতে বলেছে, ‘জার্মানি ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়েছেন চ্যান্সেলর। এই সম্পর্ক শুধু ন্যাটোতে যৌথ মিত্র হিসেবেই নয়।’
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উভয়ই নতুন উদ্দীপনার সঙ্গে দুই সরকারের মধ্যে সহযোগিতার দিকে এগিয়ে যেতে এবং অভিন্ন বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে একমত হতে সম্মত হয়েছে।’
এতে বলা হয়, শলৎস এরদোয়ানকে ‘একটি উদ্বোধনী সফরে’র আমন্ত্রণ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্য বিষয়গুলোর মধ্যে তারা পূর্ব ভূমধ্যসাগরে উন্নয়ন, ন্যাটোতে বর্তমানে মুলতবি থাকা সিদ্ধান্ত এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্কের বিষয়ে একসঙ্গে কাজ করতে চায়।’
পর্যবেক্ষকরা আশা করছেন, এরদোয়ান তুরস্কের সুবিধা কাজে লাগিয়ে রাশিয়া ও পশ্চিমা অংশীদারদের মধ্যে সেতুবন্ধের ভূমিকা অব্যাহত রাখবেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরদোয়ানের ব্যক্তিগত সম্পর্কের কারণেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে টিকে আছে ক্রেমলিন।
ন্যাটো অংশীদাররা উদ্বিগ্নভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদানের জন্য সুইডেনের স্থগিত আবেদন আঙ্কারা কর্তৃক অনুমোদনের অপেক্ষা করছে।
স্টকহোমকে অবৈধ কুর্দি জঙ্গিদের সঙ্গে কথিত যোগসূত্রসহ তুর্কিবিরোধী ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এরদোয়ান আবেদনটি আটকে দিয়েছেন বলে জানা গেছে।
সূত্র : ব্যারন্স