প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৮:২৪ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১৮:৩৫ পিএম
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি : আল-জাজিরা
স্পেনের আগাম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সেই অনুযায়ী ২৩ জুলাই স্পেনের আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সানচেজের দল স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে উল্লেখযোগ্য ধাক্কা খাওয়ার পর তিনি আগাম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন।
জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে সোমবার (২৯ মে) সানচেজ বলেন, তিনি রাজা ফিলিপ ষষ্ঠকে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সানচেজ বলেন, ‘গতকালের নির্বাচনের ফলাফল দেখে আমি ওই সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘যদিও গতকালের নির্বাচন একটি স্থানীয় ও আঞ্চলিক নির্বাচন ছিল, কিন্তু এর ফলাফল ভিন্ন বার্তা দেয়।’
সানচেজ এর আগে বলেছিলেন যে তিনি তার চার বছরের মেয়াদ শেষ করতে চান।
ডানপন্থি পপুলার পার্টির (পিপি) প্রধান আলবার্তো নুনেজ ফিজু সোমবার বলেছেন, ‘আমরা একটি সুস্পষ্ট বিজয় অর্জন করেছি এবং স্পেন একটি নতুন রাজনৈতিক যুগের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছে।’
১ জুলাই স্পেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি গ্রহণ করার পরপরই নতুন নির্বাচন হবে।
সানচেজ ২০১৮ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী পদে রয়েছেন।
তার শাসনামলে স্পেনের জনগণ মূল্যস্ফীতির স্তর বৃদ্ধি এবং ক্রয়ক্ষমতা হ্রাসসহ বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়েছেন।
সূত্র : আল-জাজিরা