প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৫:২০ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১৫:৩২ পিএম
এরদোয়ানের ভাষণ শোনার জন্য সমর্থকরা আঙ্কারার প্রাসাদের বাইরে জড়ো হন। ছবি : বিবিসি
তুরস্কের প্রেসিডেন্ট পদে জয়লাভ করার পর ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সোমবার (২৯ মে) ভোরে তিনি ওই আহ্বান জানান। এই জয়ে তার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ল।
রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ঐক্য ও সংহতিতে একত্রিত হওয়া উচিত।’
তিনি বলেন, ‘আজ কেউ হারেনি, সবাই জিতেছে। এখন আমাদের জাতীয় স্বপ্নের চারপাশে দাঁড়ানোর এবং সংহত হওয়ার সময়। আমরাই একমাত্র বিজয়ী নই। আমাদের পুরো জাতি জয়ী। আমাদের গণতন্ত্র জয়ী।’
এরদোয়ান অর্থনৈতিক অসুবিধাগুলো দূর করার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ৬ ফেব্রুয়ারির বিশাল ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠাই অগ্রাধিকার হবে৷
মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট সমস্যা মোকাবিলায় তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতি পূরণ করা সরকারের সবচেয়ে জরুরি অগ্রাধিকার এবং মূল্যস্ফীতি কমিয়ে আনা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি শক্তিশালী অর্থনীতির পরিকল্পনা করছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে স্থিতিশীলতার পথে চলতে থাকব। আমরা আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসহ একটি উৎপাদন অর্থনীতির ডিজাইন করব।’
এদিকে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের চেয়ারম্যান আহমেত ইয়েনার রবিবার সন্ধ্যায় বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছেন।
ইয়েনার বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লুর বিপরীতে ৫২.১৪ শতাংশ ভোট পেয়েছেন।’
১৪ মে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে এরদোয়ান ৪৯.৫২ শতাংশ ভোট পান এবং কিলিকদারোগ্লু পান ৪৪.৮৮ শতাংশ ভোট।
দুজনের কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় প্রেসিডেন্ট পদের জন্য প্রথমবারের মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রবিবার তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক।
দুজারিক বলেছেন, ‘জাতিসংঘের প্রধান তুরস্ক ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার জন্য উন্মুখ।’
তুরস্কের বর্তমান অর্থনৈতিক সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে এরদোয়ানের জয় এলো।
তুর্কি লিরা পাঁচ বছরে মার্কিন ডলারের বিপরীতে তার মূল্যের প্রায় ৮০ শতাংশ হারিয়েছে এবং দেশটিতে মুদ্রাস্ফীতির হার প্রায় ৫০ শতাংশ।
সূত্র : সিনহুয়া