প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৪:২৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১৪:৩১ পিএম
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো। ২৫ মে মস্কোয়। ছবি : সংগৃহীত
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো বলেছেন, কোনো দেশ যদি বিদেশি হামলার শঙ্কা বোধ করে, তারা যদি রাশিয়া-বেলারুশের সঙ্গে চুক্তি করে-- তাহলে তাদের সবাইকে পারমাণবিক অস্ত্র দেওয়া হবে।
রবিবার (২৮ মে) রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন লুকাশেঙ্কো।
লুকাশেঙ্কো বলেন, বিশেষ মুহূর্তে বেলারুশ ও রাশিয়ার একত্রিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের এই ‘কৌশলগত’ অবস্থান কারও বোধগম্য না হওয়ার কোনো কারণ নেই। এ অবস্থায় কাজাখস্তান বা আমাদের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে এমন কোনো দেশ যদি আমাদের সঙ্গে চুক্তি করে, তাহলে সেসব দেশকেও পারমাণবিক অস্ত্র দেওয়া হবে।
অবশ্য এ মতামত একান্ত তার, রাশিয়ার নয় বলেও মন্তব্য করেন বেলারুশের প্রেসিডেন্ট।
রয়টার্স জানায়, সম্প্রতি বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে দেশটিতে রাশিয়ার এস-৪০০ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের দুটি ইউনিট পৌঁছেছে। তা শিগগির মোতায়েন করা হবে।
১৯৯১ সালে সোভিয়েত রাশিয়ার আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণার পর নিজ ভূখণ্ডের বাহিরে এবারই প্রথম পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে মস্কো।
প্রতিবেশী বেলারুশ সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল। বর্তমানে দুই দেশের সীমান্তে কোনো বিধিনিষেধ নেই। লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত আস্থাভাজন। ইউক্রেন হামলার জন্য রাশিয়াকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে বেলারুশ।
সূত্র : রয়টার্স