× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব সমস্যার সমাধান করা হবে : এরদোয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১০:০৩ এএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১০:৫১ এএম

সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২৮ মে ইস্তাম্বুলে। ছবি : সংগৃহীত

সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২৮ মে ইস্তাম্বুলে। ছবি : সংগৃহীত

তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের রেকর্ড ভেঙেছেন আগেই। এবার নিয়ে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা নিশ্চিত করলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে ২০২৮ সাল পর্যন্ত টানা ২৬ বছর তুরস্ক শাসন করতে যাচ্ছেন সামাজিকভাবে রক্ষণশীল ৬৯ বছর বয়সি এরদোয়ান।

রবিবার (২৮ মে) তুরস্কে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের তথ্যমতে, দ্বিতীয় দফায় এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট।

শতভাগ ভোট গণনা শেষ হওয়ার পর রবিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে দেশটির ইলেকশন কাউন্সিল এ ঘোষণা দেয়। ইউরোপ ও এশিয়ার সেতুবন্ধ গুরুত্বপূর্ণ দেশটির প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো প্রার্থীর অন্তত ৫০ শতাংশ ভোট দরকার হয়।

আলজাজিরা জানায়, জয় নিশ্চিত হওয়ার পর ইস্তাম্বুলে নিজের বাসভবনের ব্যালকনিতে আসেন এরদোয়ান। সেখান থেকে উৎসুক সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এরদোয়ান বলেন, জনগণ আমাদের পছন্দ করেছে। তাই দ্বিতীয় দফায় আমরা অত্যন্ত সফল হয়েছি। আপনারা আমার ওপর বিশ্বাস রাখবেন এটাই আল্লাহর ইচ্ছা ছিল। এ ইচ্ছায়ই আমি ২১ বছর ধরে ক্ষমতায় আছি।

রবিবার রাতেই শৈশবের শহর ইস্তাম্বুল থেকে রাজধানী আঙ্কারায় যান এরদোয়ান। সেখানে রাষ্ট্রপতি ভবন থেকে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রধান (একে পার্টি) এরদোয়ান বলেন, দ্রব্যমূল্য বাড়ছে। এটা নিয়ন্ত্রণ করাই আমাদের মূল্য চ্যালেঞ্জ। আমরা এটা শক্তহাতে নিয়ন্ত্রণ করতে পারব। সামাজিক কল্যাণের জন্য নানা কর্মসূচি হাতে নেব। সব সমস্যার সমাধান করা হবে।

এদিকে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নেন বিরোধী উদারপন্থি প্রেসিডেন্ট প্রার্থী কিলিচদারোগ্লু। সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান একটি পার্টির জন্য, এক ব্যক্তির জন্য কাজ করেছে। তার পরও আমার সমর্থকরা ব্যালট বাক্সের পাহারায় ছিলেন, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। কোনো ধরনের চাপের কাছে আমরা মাথা নত করব না। গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

১৪ মে প্রথম দফায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এরদোয়ান পান ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। অর্থাৎ কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

দ্বিতীয় দফায় এরদোয়ানের জয়ের সম্ভাবনা বেড়ে গিয়েছিল। কারণ প্রথম দফায় ৫ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে থাকা সিনান ওগান গত সপ্তাহে এরদোয়ানকে সমর্থন দেন।

এরদোয়ানকে সমর্থন দিয়ে দ্বিতীয় দফার নির্বাচনী লড়াই থেকে বিরত থাকেন ওগান। আর নিজের সমর্থকদের এরদোয়ানকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান রক্ষণশীল ঘরানার এই নেতা।

১৪ মে প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হয়। তখন এরদোয়ানের একে পার্টি ৬০০ আসনের মধ্যে ৩২৩ আসন পায়। ফলে পার্লামেন্টে প্রথম দফায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একে পার্টি। তাই দ্বিতীয় দফায় এমপি নির্বাচন না হয়ে শুধু প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০০৩ সালে সর্বপ্রথম তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরদোয়ান। এরপর ১০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার পর থেকে তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এবার নিয়ে তিনবার তিনি ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা