প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৬:৪৭ পিএম
আপডেট : ২৮ মে ২০২৩ ১৭:০২ পিএম
উড্ডয়নের আগে চীনের নিজেদের তৈরি উড়োজাহাজ সি৯১৯। ২৮ মে সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি : সংগৃহীত
চীন নিজেদের তৈরি যাত্রীবাহী বাণিজ্যিক উড়োজাহাজে ফ্লাইট শুরু করেছে। সি৯১৯ মডেলের এই উড়োজাহাজ রবিবার (২৮ মে) সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ১৩০ জনের বেশি যাত্রী নিয়ে উড়োজাহাজটি বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
চায়না ইস্টার্ন এয়ারলাইনসের পতাকাবাহী সি৯১৯ উড়োজাহাজটি তৈরি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক)। উড়োজাহাজটির অনেক পার্ট বিদেশ থেকে কেনা হয়েছে। তবে অদূর ভবিষ্যতে সেই নির্ভরশীলতা কমবে। ধীরে ধীরে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট চীনা কর্মকর্তারা।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এত দিন পর্যন্ত চীনের সব যাত্রীবাহী বাণিজ্যিক উড়োজাহাজ বিদেশ থেকে কেনা হতো। বিশেষ করে, বিশ্বের অন্য দেশের মতো যুক্তরাষ্ট্রের বোয়িং ও ফ্রান্সের এয়ারবাসের ওপর দেশটির বড় নির্ভরশীলতা ছিল। এক দশকের বেশি সময় ধরে দেশটি উড়োজাহাজ খাতে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছিল। অবশেষে সেই চেষ্টা সফল হলো।
সি৯১৯-এর ১৬৪টি আসন রয়েছে। এই উড়োজাহাজে করে সোমবার থেকে সাংহাই থেকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ চেংদুতেও নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে চায়না ইস্টার্ন এয়ারলাইনস।
সাউথ মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এখন থেকে ব্যাপক হারে সি৯১৯ বাণিজ্যিক উড়োজাহাজ তৈরি করা হবে। ফলে চীনের বড় বাজার হারাবে বোয়িং ও এয়ারবাস।
গত জানুয়ারিতে কোম্যাকের ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, তারা ইতোমধ্যে সি৯১৯-এর ১ হাজার ২০০ উড়োজাহাজের অর্ডার পেয়েছে। তবে বিদেশের কোনো উড়োজাহাজ কোম্পানি সি৯১৯-এর জন্য অর্ডার দিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আগামী পাঁচ বছরে উড়োজাহাজটির বার্ষিক উৎপাদন ১৫০টি করে বাড়ানো হবে।
সূত্র : গার্ডিয়ান, সাউথ চায়না মর্নিং পোস্ট