প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৫:৫৪ পিএম
আপডেট : ৩০ মে ২০২৩ ১৫:৫০ পিএম
দিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের কুস্তিগীর (বাঁ থেকে) ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া ও সাক্ষী মালিক। ২৪ এপ্রিল। ছবি : সংগৃহীত
ভারতের নতুন পার্লামেন্ট ভবন রবিবার, ২৮ মে উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন চলাকালে পার্লামেন্ট ভবন এলাকা থেকে বিক্ষোভকারী দেশটির কয়েকজন শীর্ষ কুস্তিগীরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন অলিম্পিকজয়ী বজরং পুনিয়া ও সাক্ষী মালিকসহ আরও কয়েকজন শীর্ষস্থানীয় কুস্তিগীর।
চলতি বছরের শুরু থেকে দেশটির কুস্তিগীররা রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন করছিল। তার বিরুদ্ধে নারী কুস্তিগীরদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে।
যৌন হয়রানির অভিযোগের পর শরণ সিংয়ের সব প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়। এ ধরনের পদক্ষেপ নেওয়ায় কুস্তিগীররা সাময়িকভাবে তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন।
কিন্তু ২৩ এপ্রিল থেকে কুস্তিগীররা ফের আন্দোলন শুরু করেন। এবার তারা শরণ সিংয়ের গ্রেপ্তারের দাবি জানান। দ্বিতীয় দফায় আন্দোলন শুরুর পর থেকে কুস্তিগীররা নতুন পার্লামেন্ট ভবন এলাকায় বিক্ষোভ করছিলেন।
রবিবার পার্লামেন্ট ভবনের উদ্বোধন অনুষ্ঠান দেশটির ২০টি বিরোধী দল বয়কট করে। অর্থাৎ প্রায় বিরোধী দলশূন্য অবস্থায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশটির নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করা হয়।
এনডিটিভি ও রয়টার্স জানায়, বিরোধীদের অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করার কথা। কিন্তু তাকে বাদ দিয়ে তা উদ্বোধন করলেন সরকারপ্রধান নরেন্দ্র মোদি।
বিরোধীদের অন্য অভিযোগ, মোদি সরকার ভারতের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাই তারা পার্লামেন্ট ভবন উদ্বোধনে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র : রয়টার্স, এনডিটিভি