প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৫:৫৪ পিএম
আপডেট : ২৫ মে ২০২৩ ১৬:০০ পিএম
লিউ জিয়ানচাও। চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা। ছবি : সংগৃহীত
চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ এক রাজনীতিবিদের সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেছেন। বুধবার (২৪ মে) আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা লিউ জিয়ানচাও নামেরও ওই চীনা রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে উল্লেখ করা হয়েছে চায়না ডেইলি নামের এক অনলাইন গণমাধ্যমের প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে চীন ও বাংলাদেশের রাজনীতিবিদরা দুই পক্ষের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধিসহ নানা বিষয়ে জোর দিয়েছেন। তারা যেসব বিষয়ে আলোচনা করেছেন সেগুলোর মধ্যে জাতি গঠনে পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থরক্ষা অন্যতম।
লিউ জিয়ানচাও ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) কেন্দ্রীয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতঃপূর্বে তিনি বিভিন্ন দেশে চীনা রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।
আর আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ ফারুক খান। ফারুক খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তা ছাড়া সংসদের বিদেশবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা চায়না ডেইলির প্রতিবেদনে উল্লেখ করা হয়েনি।
সূত্র : চায়না ডেইলি