প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৫:১২ পিএম
আপডেট : ২৪ মে ২০২৩ ১৫:১৪ পিএম
পূর্ব ইউক্রেনের বাখমুতের কাছে আর্টিলারি শেল প্রস্তুত করছেন ইউক্রেনের এক সেনা। ছবি : গার্ডিয়ান
ইউক্রেনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় গোলাবারুদ পৌঁছে দেওয়ার পরিকল্পনার আওতায় কিয়েভকে দুই লাখেরও বেশি আর্টিলারি শেল এবং এক হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান মঙ্গলবার (২৩ মে) খবরটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এএফপি।
ইউরোপীয় ইউনিয়ন এক বছরে ইউক্রেনে ১০ লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ দেওয়ার প্রচেষ্টায় তাদের সাধারণ তহবিল থেকে ২০০ কোটি ইউরো ব্যয় করতে সম্মত হয়েছে বলেও জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, ‘এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ইউক্রেনকে বিভিন্ন ক্যালিবারের ২ লাখ ২০ হাজার আর্টিলারি যুদ্ধাস্ত্র এবং ১ হাজার ৩০০টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে।’
ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা গোলাবারুদ সরবরাহ করতে ঝাঁপিয়ে পড়েছে।
কারণ, ইউক্রেনের বাহিনী রাশিয়ার বাহিনীকে বিতাড়িত করতে প্রতিশ্রুত পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে।
ইইউ পরিকল্পনা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোকে তাদের বিদ্যমান মজুদ থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ পাঠানোর জন্য প্রথম ১০০ কোটি ইউরো প্রদান করেছে।
এই অর্থ ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সরবরাহ করা গোলাবারুদের আংশিক খরচ।
সূত্র : ইন্ডিয়া টাইমস