প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৫:১১ পিএম
আপডেট : ২৪ মে ২০২৩ ১৫:১৭ পিএম
ভারতের নতুন পার্লামেন্ট ভবন। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার, ২৮ মে দেশটির নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করবেন। কংগ্রেস, তৃণমূল, শিবসেনা ও আম আদমি পার্টিসহ (আপ) ১৯টি বিরোধীদল বুধবার (২৪ মে) এক যৌথ বিবৃতিতে সেই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পার্লামেন্ট থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে। তাই আমাদের কাছে নতুন ভবনের কোনো অর্থ নেই। বিবৃতিতে মোদির ‘কর্তৃত্ববাদী’ সরকারের সমালোচনা করা হয়েছে।
বিবৃতিতে লেখা হয়, সব ক্ষেত্রে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এই বার্তা আমরা দেশের সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে বদ্ধপরিকর।
আনন্দবাজার পত্রিকা জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী মোদি কেন নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করবেন, তা নিয়ে কংগ্রেসসহ একাধিক বিরোধী দল আগেই প্রশ্ন তুলেছিল।
বিরোধীদের দাবি, দেশের সাংবিধানিক প্রধান হিসাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই অনুষ্ঠানের পৌরোহিত্য করা উচিত। কিন্তু তাঁর বদলে নয়া ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই বিষয়টিও উঠে এসেছে বিরোধীদের বুধবারের বিবৃতিতে।
এনডিটিভি জানায়, ভারতের বর্তমান পার্লামেন্ট ভবনটি ১৯২৭ সালে ব্রিটিশ আমলের তৈরি। এতে দ্বিকক্ষ বিশিষ্টি পার্লামেন্টের উচ্চকক্ষের আসন সংখ্যা ৫৪৩। নিম্নকক্ষের ২৫০।
বর্তমান পার্লামেন্ট ভবন ছোট হওয়ায় ২০২০ সালে নতুন পার্লামেন্ট ভবনের ভিত্তি প্রস্তর করা হয়। নতুন পার্লামেন্টে ভবনের উচ্চকক্ষের আসন সংখ্যা ৮৮৮। নিম্নকক্ষের ২৫০।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার