প্রবা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৭ পিএম
বুধবার সকালে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
প্রলম্বিত ইউক্রেন সংঘাত মোকাবিলায় সেনা সমাবেশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্য দিয়ে দেশটির রিজার্ভ ফোর্স মাঠে নামাবেন তিনি।
সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বুধবার (২১ সেপ্টম্বর) সকালে দেশবাসীর উদ্দেশে এক ভাষণে পুতিন এই ঘোষণা দেন।
পুতিন বলেন, ইউক্রেন ও দনবাসে রুশ সেনাবাহিনী দীর্ঘ সময় ধরে যুদ্ধে রয়েছে। সে কারণে রিজার্ভ ফোর্স সক্রিয় রাখতে সরাসরি সামরিক সমাবেশে যুক্ত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চলমান পরিস্থিতিতে এটি বেশ বুদ্ধিদীপ্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ বলে মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, ইতোমধ্যেই অবিলম্বে এ সামরিক সমাবেশ শুরু করার একটি আদেশে সইও করেছেন তিনি।
এই বাহিনীতে শুধু সেনাবাহিনীর সংরক্ষিত সদস্য ও যারা বাধত্যমূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন তাদের অন্তর্ভুক্ত করা হবে। তাদের সংখ্যা কত হতে পারে সে বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বুধবার পৃথক বিবৃতিতে বলেছেন, সেটা হতে পারে রাশিয়ার সংরক্ষিত সৈন্যদের এক শতাংশ, সংখ্যায় যা তিন লাখ। সেই হিসেবে রাশিয়ায় এমন সৈন্য রয়েছে তিন কোটি।
ইউক্রেনে পাঠানো হলে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা ও আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।
পশ্চিমা সমর্থকদের সরাসরি নির্দেশে কিয়েভ শান্তি আলোচনা থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন পুতিন। আলোচনার পরিবর্তে ইউক্রেন সরকার ন্যাটো প্রশিক্ষিত সৈন্যদের সঙ্গে তার সামরিক বাহিনীকে শক্তিশালী করেছে। এদের মধ্যে অনেকেই নব্য-নাৎসি চরমপন্থি বলে উল্লেখ করেন পুতিন।
ফেব্রুয়ারিতে দনবাস ও লুহনাস্ক গণপ্রজাতন্ত্রের পাশাপাশি ইউক্রেনের কিছু অংশে নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
দুটি দনবাস প্রজাতন্ত্র ও রুশ সেনাদের নিয়ন্ত্রিত ইউক্রেনের দুটি অঞ্চলে আসন্ন গণভোট নিয়েও কথা বলেছেন পুতিন। তিনি বলেন, এ চারটি অঞ্চল রাশিয়ার অংশ হবে কি না তা নিয়ে শুক্রবার গণভোটের আয়োজন করা হবে। তার সরকার চারটি গণভোটের ফলাফলকে সম্মান করবে। ভোট প্রক্রিয়ায় নিরাপত্তাও নিশ্চিত করবে বলে জানান পুতিন।
প্রবা/এনএস/টিকে