× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র, কানাডার রণতরী নজরদারিতে রাখছে চীন

প্রবা ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৪ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৩ পিএম

তাইওয়ান প্রণালিতে অবস্থান করা যুক্তরাষ্ট্রের রণতরী ‘ইউএসএস হিগিন্স’

তাইওয়ান প্রণালিতে অবস্থান করা যুক্তরাষ্ট্রের রণতরী ‘ইউএসএস হিগিন্স’

তাইওয়ান প্রণালিতে অবস্থান করা যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধজাহাজগুলোকে নজরদারিতে রেখেছে চীন।

বুধবার (২১ সেপ্টেম্বর) চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস

বিশ্লেষকরা বলছে, পিএলএ’র আধিপত্য রয়েছে এমন এলাকায় এসে যুক্তরাষ্ট্র কানাডার সঙ্গে দলবেঁধে যে অভিযানের পরিকল্পনা করছে, তা কেবল তাদের কূটকৌশল বা রাজনৈতিক প্রদর্শনী।

মঙ্গলবার ইউএস নেভি ডেস্ট্রয়ার ‘ইউএসএস হিগিন্স’ ও রয়্যাল কানাডিয়ান নেভি ফ্রিগেট ‘এইচএমসিএস ভ্যাঙ্কুভার’ নামের দুটি রণতরী তাইওয়ান প্রণালির মধ্যে প্রবেশ করে এবং বিষয়টি ঘটা করে প্রকাশ করেও থাকে।

পরদিন পিএলএ ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ই এক বিবৃতিতে জানান, ‘পিএলএ ইস্টার্ন থিয়েটার কমান্ড নৌ ও বিমানবাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধজাহাজগুলোকে তাদের অবস্থানের পুরো সময় ট্র্যাক ও নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছে।’

শি আরও বলেন, এ বিষয়ে পিএলএ ইস্টার্ন থিয়েটার কমান্ড সবসময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। তারা যেকোনো ধরনের হুমকি ও উসকানিকে মোকাবিলা করতে প্রস্তুত। এ ছাড়া জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্বার্থে কোনো আঘাত এলে তা দৃঢ়ভাবে মোকাবিলা করবে।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে পিএলএ সদস্যরা দ্বীপরাষ্ট্রটির আশেপাশে সামরিক মহড়া শুরুর পর দ্বিতীয়বারের মতো মার্কিন রণতরী তাইওয়ান প্রণালিতে প্রবেশ করেছে। এর আগে ২৮ আগস্ট যুক্তরাষ্ট্র দুটি রণতরী পাঠায়, সেগুলোও নজরদারিতে রেখেছিল বেইজিং।

চীনের মূল ভূখণ্ডের সামরিক বিশেষজ্ঞ এবং টিভি ভাষ্যকার সং ঝোংপিং গ্লোবাল টাইমসকে বলেন, দুবারই যুক্তরাষ্ট্র একটির পরিবর্তে দুটি করে রণতরী পাঠাচ্ছে তাইওয়ান প্রণালিতে। এ থেকে বোঝা যাচ্ছে তাদের যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তাই নিজেদের সাহস বাড়াতেই এমন যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ওয়াশিংটন।

সং আরও জানান, এবারে কানাডার সঙ্গে মিলে রণতরী পাঠিয়ে যুক্তরাষ্ট্র বোঝাতে চাইছে চীনকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টায় তারা আর একা নয়। আর কানাডার পক্ষে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে মার্কিন চাপের অধীনে আনুগত্য করা ছাড়া অন্য কোনো বিকল্পও নেই।

বিশ্লেষকরা বলছেন, আগস্টে তাইওয়ান প্রণালির আশেপাশে বেইজিংয়ের সামরিক বাহিনী যে মহড়া পরিচালনা করেছে তাতে এ অঞ্চলে পিএলএ-র যে অপ্রতিরোধ্য ক্ষমতা রয়েছে তা বুঝিয়ে দিয়েছে। এর জবাবে ওয়াশিংটন ও তার মিত্র দেশের পাঠানো রণতরী কেবল মাত্র রাজনৈতিক প্রদর্শনী। এর কোনো সামরিক তাৎপর্য নেই।

তবে এ ধরনের কাজগুলোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেইজিংয়ের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে উসকানি দিচ্ছে। এ ছাড়া তারা নিজেদের এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে সবচেয়ে বড় বাহ্যিক হুমকিতে পরিণত করছে বলে মত বিশেষজ্ঞদের।

প্রবা/এনএস/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা