প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৪:৫১ পিএম
বিএসএফের হাতে আটক মৈত্রী বাসের চালক বাদল হক (টি-শার্ট গায়ে বসা)। ছবি: সংগৃহীত
ঢাকা ও আগরতলার মধ্যে চলাচলকারী মৈত্রী বাসের একজন চালকের কাছ থেকে ৬৬৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাসটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে রবিবার (২১ মে) ঢাকায় আসছিল।
জানা গেছে, আগরতলার ইন্টিগ্রেটেড চেক-পোস্ট (আইসিপি) থেকে এসব মোবাইল ফোন উদ্ধার এবং চালককে গ্রেপ্তার করে বিএসএফ। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চোরাচালান কৌশল ব্যর্থ করে আগরতলায় ভারত-বাংলাদেশ বাস সার্ভিস থেকে বিশাল সংখ্যক মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পরে বাস চালককেও আটক করে তারা।
বিএসএফ জানিয়েছে, ত্রিপুরা সড়ক পরিবহন কর্পোরেশনের মৈত্রী বাস গত ২১ মে রোববার নিরাপত্তা পরীক্ষার জন্য ইন্টিগ্রেটেড চেক-পোস্ট (আইসিপি) আগরতলায় পৌঁছায়। বাদল হক নামের ওই বাসচালক ব্যতীত সকল যাত্রীই আইন অনুযায়ী ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য আইসিপির ভেতরে যান।
তবে বাস চালক বাদল হকের সঙ্গে বাসের কন্ডাক্টর এবং লিয়াজোঁ অফিসার বাইরে ছিলেন। এসময় গোয়েন্দা দলসহ বিএসএফ কর্মকর্তারা বাসটিকে ভালোভাবে পরীক্ষা করেন।
বিএসএফের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাসটি পরীক্ষা করার সময় বিএসএফ কর্মকর্তারা মোট ৬৬৫টি মোবাইল উদ্ধার করেন। এর মধ্যে ৩৬৩টি ফোন ছিল একেবারে নতুন।
সূত্র: এএনআই