প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৩ ১৭:২৯ পিএম
আপডেট : ২০ মে ২০২৩ ১৭:৫৯ পিএম
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। ছবি : সংগৃহীত
পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করে, তাহলে ‘অত্যধিক ঝুঁকি’ তৈরি হবে বলে মন্তব্য করেছেন এক রাশিয়ান কর্মকর্তা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো শনিবার (২০ মে) যুদ্ধবিমান সরবরাহের প্রভাব সম্পর্কে প্রশ্নের জবাব দেওয়ার সময় এমন মন্তব্য করেন।
আলেকজান্ডার গ্রুশকো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা দেশগুলো এখনও উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। এর মাধ্যমে তারা নিজেদের জন্য বিশাল ঝুঁকি তৈরি করছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি, তা অর্জনের জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব উপায় রয়েছে।’
ইউক্রেন অবশ্য এখনও এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের কোনো প্রতিশ্রুতি পায়নি।
তবে যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জি-৭ নেতাদের বলেছেন, এফ-১৬ চালনায় ইউক্রেনের পাইলটদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে ওয়াশিংটন।
বাইডেন আরও বলেছেন, কোনো পশ্চিমা দেশ ইউক্রেনকে এফ-১৬ দিতে চাইলেও বাধা দেবে না ওয়াশিংটন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে সমর্থন করে উন্নত যুদ্ধবিমান সরবরাহের আহ্বান জানিয়ে আসছেন।
কিন্তু ইউক্রেনের নেতা এখন পর্যন্ত তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন।
পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে এখনও যুদ্ধবিমান দেয়নি, কারণ তাদের আশঙ্কা এতে করে পুতিন ইউরোপে যুদ্ধের বিস্তার ঘটাতে পারেন।
সূত্র : আল-জাজিরা