প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৩ ১৪:৩৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৩ ১৫:০৭ পিএম
হামলা ঠেকাতে টহল জোরদার করেছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। ছবি : গার্ডিয়ান
বুরকিনা ফাসোতে সপ্তাহব্যাপী নতুন করে চালানো একের পর এক হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছে।
এদিকে দেশটির বিভিন্ন এলাকায় জিহাদি গোষ্ঠীর হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার বিভিন্ন সূত্র এ খবর জানিয়েছে এএফপি।
নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, একেবারে সাম্প্রতিক সহিংসতায় বুরকিনা ফাসোর বিশৃঙ্খলাপূর্ণ উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রামে ধারাবাহিক হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছে।
দেশটির উত্তরাঞ্চলীয় ইয়াতাঙ্গা প্রদেশে বৃহস্পতিবার (১৮ মে) অস্ত্রধারীরা তিনটি গ্রামে হামলা চালায়।
শুক্রবার স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে অস্ত্রধারী গ্রুপ পেলি, জান্না ও নঙ্গফাইর গ্রামে হামলা চালায়।’
তিনি জানান, হামলায় ওই সব গ্রামে ২৫ জন নিহত হয়েছে।
ওই বাসিন্দা আরও জানান, এসব হামলায় অনেক মানুষ আহতও হয়েছে।
অপর একজন বাসিন্দা বলেন, মটরসাইকেলে করে আসা হামলাকারীদের স্বেচ্ছাসেবক ও সেনারা ধাওয়া দেয়।
দেশটির নিরাপত্তা সূত্র এ হামলার খবর নিশ্চিত করে মৃতের সংখ্যা ২০ জন বলে জানিয়েছে।
তিনি আরো জানান, হামলাকারীদের গ্রেফতারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এর আগে শুক্রবার জানানো হয়, এ সপ্তাহে বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের পৃথক হামলায় আরো ২০ জন নিহত হয়।
বন্দুকধারীরা সোমবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় কুল্পালোগো প্রদেশের কাওনগো গ্রামে হামলা চালায়।
ওই হামলায় দুই নারী ও শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, দুই দিন পর প্রতিবেশি গ্রাম বিলগুইমদুরিতে হামলায় ১০ জন প্রাণ হারায়।
সূত্র : ব্যারন্স