প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৭:০৬ পিএম
আপডেট : ১৮ মে ২০২৩ ১৭:২৩ পিএম
শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ছবি : সংগৃহীত
২০২২ সালের ৯ মে সংঘর্ষের কারণে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ওপর আরোপিত বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা বুধবার (১৭ মে) প্রত্যাহার করেছেন দেশটির একটি আদালত।
এ খবর নিশ্চিত করেছে লঙ্কান সংবাদ সংস্থা নিউজ ফার্স্ট।
নিউজ ফার্স্ট আরও জানিয়েছে, রাজাপাকসের পাশাপাশি সাংসদ রোহিতা আবেগুনাবর্ধনে, মন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি এবং সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য কাঞ্চনা জয়রত্নের বিরুদ্ধেও ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে প্রত্যাহার করেছে ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত।
২০২২ সালের ৯ মে কলম্বোতে শান্তিপূর্ণ সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর মারাত্মক হামলায় জড়িত থাকার অভিযোগে তদন্তের পরিপ্রেক্ষিতে রাজাপাকসে এবং অন্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
কৌঁসুলি শাভেন্দ্র ফার্নান্দো আদালতকে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সাংসদ রোহিতা আবেগুনাবর্ধনে, মন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি এবং সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য কাঞ্চনা জয়রত্নের ভ্রমণের নিষেধাজ্ঞাগুলো শিথিল করতে বলেন। তিনি বলেন, এদের কাউকেই তদন্তে সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়নি।
যুক্তি শোনার পর বিচারক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করেন।
তবে মামলার চতুর্থ সন্দেহভাজন সাংসদ মিলন জয়থিলাকেসহ আরও দুজনের ভ্রমণ নিষেধাজ্ঞা পরবর্তী আদালতের তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ ছাড়াও হেওয়াগামাগে মঞ্জুলা, রমেশ ভানুকা, চামাথ থিভাঙ্কা ও নিশান্থা দে মেলকে এই মামলা থেকে খালাস দেন বিচারক।
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট এর আগে ১১ আগস্ট পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ না করার জন্য রাজাপাকসেদের প্রতি একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছিল।
সূত্র : এনডিটিভি