প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৬:০০ পিএম
আপডেট : ১৮ মে ২০২৩ ১৬:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত
নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের গাড়িবহরে ভয়াবহ হামলায় জড়িত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবে যুক্তরাষ্ট্র।
দ্ব্যর্থহীন কণ্ঠে এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
এখন পর্যন্ত কোনো গ্রুপই নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে মঙ্গলবারের ওই হামলার দায় স্বীকার করেনি।
তবে এ অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর বিভিন্ন হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ওই হামলায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘আমরা কঠোর ভাষায় ওই হামলার নিন্দা জানাই। এতে জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আমাদের নাইজেরীয় সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।’
ব্লিঙ্কেন বলেন, ‘এ হামলায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।’
এদিকে বুধবার (১৭ মে) এক বিবৃতিতে নাইজেরিয়ার জাতীয় পুলিশ বলেছে, ‘সেখানে হামলায় সাতজন নিহত হয়েছে।’
খবরে বলা হয়, হামলার শিকার গাড়ি দুটিতে নয়জনকে বহন করা হচ্ছিল।
তারা সকলে নাইজেরিয়ার নাগরিক। এদের পাঁচজন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেন এবং চারজন পুলিশ কর্মকর্তা।
ব্লিঙ্কেন বলেন, ’তারা যুক্তরাষ্ট্রের আর্থিক সহযোগিতায় হাতে নেওয়া একটি বন্যা মোকাবিলা প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন।’
সূত্র : নিউজ১৮।