প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১২:৪০ পিএম
আপডেট : ১৭ মে ২০২৩ ১২:৪৮ পিএম
যন্তর মন্তরে সাক্ষী মালিক (সর্ববাঁয়ে), ভিনেশ ফোগাট, সঙ্গীতা পুনিয়ার সঙ্গে বজরং পুনিয়া। ছবি : সংগৃহীত
নারী কুস্তিগিরদের যৌন হেনস্থার দায়ে ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) সাবেক প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদী কুস্তিগিররা তাদের প্রতিবাদের স্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
প্রতিবাদী কুস্তিগিররা মঙ্গলবার (১৬ মে) বলেছেন, এ আন্দোলনকে ‘জাতীয় আন্দোলনে’ রূপ দিতে তারা রামলীলা ময়দানে যেতে পারেন।
প্রসঙ্গত, এক নাবালিকাসহ সাত নারী কুস্তিগিরকে যৌন হয়রানির অভিযোগে ব্রিজ ভূষণের গ্রেপ্তার দাবিতে অলিম্পিক পদক বিজয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক ও এশিয়ান গেমসের স্বর্ণ বিজয়ী ভিনেশ ফোগাটসহ ভারতের শীর্ষ কুস্তিগিররা ২৪ দিন ধরে যন্তর মন্তরে বিক্ষোভ করছেন। ।
ভীম আর্মির সভাপতি চন্দ্রশেখর আজাদ এ আন্দোলনকে ‘জাতীয় আন্দোলন’ হিসেবে প্রতিষ্ঠিত করা উচিত বলে প্রতিক্রিয়া জানানোর পর সাক্ষী বলেন, ‘চলমান প্রতিবাদকে রামলীলা ময়দানে নিয়ে যাওয়া নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
চন্দ্রশেখর আজাদ সোমবার সন্ধ্যায় যন্তর মন্তরে প্রতিবাদী কুস্তিগিরদের সঙ্গে যোগ দেন। কিন্তু কর্তৃপক্ষ তাকে রাতে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বলে।
আজাদ কুস্তিগিরদের ২১ মে’র পরে রামলীলা ময়দানে স্থানান্তরিত করে তাদের আন্দোলনকে ‘বৃহৎ’ করার আহ্বান জানান।
সাক্ষী অবশ্য স্পষ্ট করেননি যে, কুস্তিগিররা প্রতিবাদের স্থানটি পুরোপুরি রামলীলা ময়দানে স্থানান্তর করবেন নাকি যন্তর মন্তরেও আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে ভিনেশ সোমবার বলেছেন, কুস্তিগিররা অনুভব করছেন, তাদের সীমাবদ্ধ করে যন্তর মন্তরের একটি কোণে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, যন্তর মন্তরে প্রতিবাদের জায়গায় কুস্তিগিরদের তাড়া করা হচ্ছে।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা গঠিত অ্যাডহক কমিটি ডব্লিউএফআই কর্মকর্তাদের কাছ থেকে জাতীয় ফেডারেশনের দায়িত্ব গ্রহণ করলেও কুস্তিগিররা ব্রিজ ভূষণকে গ্রেপ্তারের দাবিতে অটল রয়েছেন।
আজাদ তার বক্তৃতায় বলেন, ‘যদি কুস্তিগির এবং তাদের সমর্থকরা যন্তর মন্তরে বসে থাকেন, তবে এটি সরকারের ওপর প্রভাব ফেলবে না।’
কুস্তিগিররা আরও বেশি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এবং ব্রিজ ভূষণের হাতে তারা যে হয়রানির সম্মুখীন হয়েছিলেন, সে সম্পর্কে সবাইকে সচেতন করার লক্ষ্যে সোমবার কনট প্লেসে একটি পদযাত্রা করেন।
সূত্র : সিয়াসাত ডেইলি