প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৪:৫৭ পিএম
আপডেট : ১৬ মে ২০২৩ ১৫:১০ পিএম
পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে গোলাগুলি বন্ধ করে। ছবি : পোস্টসেন
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনির সীমানা নির্ধারণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে সোমবার (১৫ মে) অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ আরও জানিয়েছে, খনিটির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে কোহাত জেলার পেশোয়ার থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দারা আদম খেক এলাকায় সানিখেল এবং জারঘুন খেল উপজাতিদের মধ্যে সংঘর্ষটি ঘটেছে।
মৃতদেহ ও আহতদের পেশোয়ারের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গুলিবিনিময়ে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে।
পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে প্রতিদ্বন্দ্বী উপজাতিদের মধ্যে গোলাগুলি বন্ধ করে।
দারা আদম খেল থানায় এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
কয়লা খনির সীমানা নির্ধারণ নিয়ে সানিখেল ও জারঘুন খেলা উপজাতিদের মধ্যে বিরোধ কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে।
অচলাবস্থার অবসান ঘটাতে অনেক সমঝোতা ‘জিরগা’ অনুষ্ঠিত হয়েছে।
সূত্র : এনডিটিভি