প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৮:০১ পিএম
ফাইল ছবি
মিসরে ঘুরতে গিয়ে সাগরে নেমে হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছেন দুই নারী। তাঁদের একজন অস্ট্রিয়ার, অন্যজন রোমানিয়ার নাগরিক।
মিসরের পরিবেশবিষয়ক মন্ত্রণালয় এবং ওই দুই বিদেশি পর্যটকের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
মিসরের পরিবেশবিষয়ক মন্ত্রণালয় ফেসবুকে জানিয়েছে, দেশটির উপকূলীয় শহর হুরগাদার দক্ষিণে সাহল হাশেস এলাকায় এ ঘটনা ঘটেছে। লোহিত সাগরে সাঁতরানোর সময় ওই দুই নারী একটি হাঙরের আক্রমণের শিকার হন।
অস্ট্রিয়ার বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, ছুটি কাটাতে মিসরে গিয়ে অস্ট্রিয়ার এক নাগরিক প্রাণ হারিয়েছেন। তাঁর বয়স ৬৮ বছর। তিনি অস্ট্রিয়ার টিরল অঞ্চলের বাসিন্দা।
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার মন্ত্রণালয় জানিয়েছে, ‘মিসরে অস্ট্রিয়ার এক নাগরিক মারা গেছেন।’
এদিকে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিসরের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তাদের একজন নাগরিকের মৃত্যুর কথা জানতে পেরেছে তারা। গতকাল এএফপিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিসরের হুরগাদায় রোমানিয়ার এক নারীর মৃত্যু হয়েছে।
লোহিত সাগর অঞ্চলের গভর্নর আমর হানাফি গত শুক্রবার তিন দিনের জন্য সমুদ্রসৈকতে মানুষের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন। সমুদ্রে একটি হাঙরের আক্রমণে অস্ট্রিয়ার একজন পর্যটকের বাঁ হাত বিচ্ছিন্ন হওয়ার পরই এমন ঘোষণা দেন গভর্নর।
শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় একটি ভিডিও ফুটেজ শেয়ার হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সমুদ্রে সাঁতার কাটছেন—এমন একজন কূলে ওঠার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এরপরই দেখা যায়, সেখান সমুদ্রের পানি রক্তে লাল হয়ে গেছে। ভিডিও ফুটেজের সত্যতা, কোথায় এবং কবে ওই ভিডিও ধারণ করা হয়েছে, এএফপির পক্ষে তা যাচাই করা সম্ভব হয়নি।
গতকাল মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাঙরের আক্রমণে দুই বিদেশি নারী পর্যটকের মৃত্যুর বৈজ্ঞানিক কারণ ও ঘটনাস্থলের আশপাশের এলাকার পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে কাজ করছে একটি টাস্কফোর্স। কেন এ ঘটনা ঘটল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
লোহিত সাগর জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র। কিন্তু কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সীমানার বাইরে নামলে হাঙরের আক্রমণ হয়।
২০১৮ সালে লোহিত সাগরের সৈকতে একটি হাঙরের আক্রমণে চেক প্রজাতন্ত্রের একজন পর্যটক প্রাণ হারান। ২০১৫ সালেও হাঙরের আক্রমণে প্রাণ যায় এক জার্মান পর্যটকের।