প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:২০ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩০ পিএম
কিরগিজস্তানে স্বেচ্ছাসেবকরা বাস্তুচ্যুতদের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছে
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এটি চলতি বছরের সবচেয়ে মারাত্মক সংঘর্ষ বলে উল্লেখ করা হচ্ছে।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে উভয় দেশের মধ্যে সীমানা নিয়ে বিতর্ক চলছে। যে কারণে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে ২০২১ সালে উভয় দেশের মধ্যে নজিরবিহীন সংঘাতে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছিল। গত বুধবার (১৪ সেপ্টেম্বর) তিনটি ঘটনায় কমপক্ষে দুজন নিহত হওয়ার পর এ দুই দেশের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে। এরপর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চিরবৈরী দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
কিরগিজ সীমান্তরক্ষীরা তাজিকিস্তানকে সীমান্তের বিতর্কিত অংশে অবস্থান নেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। অন্যদিকে তাজিকিস্তান বলেছে, কিরগিজ রক্ষীরা বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে।
মধ্য এশিয়ার এই দুই দেশের মধ্যে ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) সীমান্ত রয়েছে। সীমান্তের এক তৃতীয়াংশেরও বেশি বিতর্কিত। এ বিতর্কিত এলাকাগুলো নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। উভয় পক্ষই সহিংসতা শুরু করা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করে থাকে।
রবিবারের (১৮ সেপ্টেম্বর) দিন শেষে কিরগিজস্তানে আরও ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ৫৯।
অন্যদিকে তাজিকিস্তান জানায়, তাদের ৩৫ জন নাগরিক নিহত হয়েছেন। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
কিরগিজস্তান জানিয়েছে, সংঘর্ষ ছড়িয়ে পড়ায় ওইসব এলাকা থেকে প্রায় এক লাখ ৩৭ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। যুদ্ধবিরতির পর কিছু মানুষ সেসব এলাকায় ফিরতে শুরু করেছে বলে জানায় কিরগিজ সংবাদমাধ্যম।
তবে তাজিকিস্তান এমন কোনো তথ্য জানায়নি।
আন্তর্জাতিক চাপের মুখে শুক্রবার উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সই করে। কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও উভয় পক্ষ গোলাগুলির অভিযোগ আনে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়ার। আর তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমন ও কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভের সঙ্গে ফোনালাপ করেন। এ সময় সহিংসতা বন্ধের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
কিরগিজস্তান এ সংঘর্ষে নিহতদের জন্য সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় শোক ঘোষণা করেছে।
প্রবা/এনএস/ এসআর