প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৬:০৬ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ১৬:৪৬ পিএম
দশটির মধ্যে শুধু শনিবারই ছয়টি সিংহকে হত্যা করা হয়।। ছবি : এনডিটিভি
মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাতের কারণে গত এক সপ্তাহে কেনিয়ায় দেশটির সবচেয়ে বয়স্ক সিংহটিসহ দশটি সিংহ মেরে ফেলা হয়েছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেনিয়া সরকার।
কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (কেডব্লিউএস) জানিয়েছে, ‘শুধু শনিবারই (১৩ মে) ছয়টি সিংহকে হত্যা করা হয়।’
সংস্থাটির এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, ‘অস্বাভাবিকভাবে বিপুলসংখ্যক সিংহকে হত্যা করা হয়েছে।’
কেডব্লিউএসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শনিবার ছয়টি সিংহ, ১১টি ছাগল এবং একটি কুকুর মারা পড়েছে।’
কেনিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা লায়ন গার্ডিয়ান সিএনএনকে জানিয়েছে, ১৯ বছর বয়সি কেনিয়ার অন্যতম বয়স্ক সিংহ লুনকিতো খাদ্যের সন্ধানে সংরক্ষিত এলাকা থেকে বেরিয়ে একটি গবাদিপশুর খামারে ঢুকে পড়লে ওই খামারের মালিক সিংহটিকে হত্যা করেন।
সংস্থাটি বলেছে, খরার শেষে বন্যপ্রাণীদের জন্য শিকার করা কঠিন হয়ে পড়েছে।
তাই গবাদিপশুর মালিকরাও এ সময় পশু হারানোর ভয়ে বাড়তি সতর্ক থাকছেন।
প্রসঙ্গত, কেনিয়া ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরার সম্মুখীন হচ্ছে।
কেডব্লিউএস সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করতে শনিবার এক বৈঠকের আয়োজন করে, যেখানে স্থানীয়রা এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্থাটি জানিয়েছে, ওই বৈঠকে মানুষ ও বন্যপ্রাণী সংঘর্ষের ঝুঁকি হ্রাস করার উপায়গুলো বের করার ওপর আলোচনা করা হয়।
বৈঠকে সম্প্রদায়গুলোকে তাদের আশপাশে বন্যপ্রাণীর উপস্থিতি সম্পর্কে সতর্ক করার জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করার বিষয়েও আলোকপাত করা হয়৷
সূত্র : এনডিটিভি।