প্রবা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৪ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১২:১৬ পিএম
দীর্ঘ লাইনে অপেক্ষা করে রানীকে শেষ বিদায় জানাতে আসা জনগণ
প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানাতে গত বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার হলের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অনেকে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে রানীকে শেষ বিদায় জানান যুক্তরাজ্যের জনগণ। আজ (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সাড়ে ১১টায় রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু করতে জনসাধারণের জন্য বন্ধ করা হয়েছে ওয়েস্টমিনস্টার হল।
গত বুধবার থেকে রানীর মরদেহ ওয়েস্টমিনস্টার হলে জনসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উন্মুক্ত করা হয়। ওই সময় থেকেই হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে প্রয়াত রানীকে শ্রদ্ধা জানান। অনেকে ১০ ঘণ্টারও বেশি সময় লাইনে অপেক্ষা করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আয়োজকরা গত রাত সাড়ে ১০টার পর ঘোষণা করেন, আর নতুন কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপর অনেকে হতাশ হয়ে ফিরে যান। কেবল লাইনের কাছাকাছি থাকা ব্যক্তিরাই আজ শেষ বিদায় জানাতে সক্ষম হন রানীকে।
এখন ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নেওয়া হবে রানীর মরদেহ। এ সময় রাজা ও রাজপরিবারের সদস্যরা পেছনে হেঁটে কফিনকে অনুসরণ করবেন। তারপর শুরু হবে শেষকৃত্যের মূল আনুষ্ঠানিকতা।
প্রবা/এনএস/ এসআর