× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের মন্তব্যে চাপের মুখে ইউক্রেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৩ ২১:৪৫ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইউক্রেনের ভাগ্য আগামী বছর মার্কিন ভোটাররা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে সিএনএন টাউন হল বৈঠকে এ কথা বলেন ট্রাম্প। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেনসিয়াল নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। ওই দৌড়ে বিজয়ী হলে যুক্তরাষ্ট্রের ভেতরে ইউক্রেনের যুদ্ধের রাজনীতির চেহারা যে পাল্টে যাবে, সেটিই যেন ফুটে উঠেছে তার এ বিবৃতির মধ্য দিয়ে।

গোটা বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ তৈরি করবে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক বিশ্লেষণে বলছে, ট্রাম্পের নির্বাচিত হওয়ার সম্ভাবনা পুতিনের জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করার ইন্ধন হিসেবে কাজ করতে পারে। তিনি মনে করতে পারেন, ইউক্রেনে মার্কিন সহায়তার দিন অচিরেই ফুরাচ্ছে। 

ক্ষয়ক্ষতি কিন্তু দুই পাশেই হচ্ছে। ইউক্রেনে প্রচুর বেসামরিক মানুষ এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। অন্যদিকে রুশ পক্ষেও হতাহতের সংখ্যা কম নয়। ট্রাম্প এতদিন এ সংঘাত প্রশ্নে স্পষ্টভাবে কিছু বলেননি। সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট একবার বলেছিলেন, চাইলে এ সংঘাত ৪৮ ঘণ্টার মধ্যে নিরসনের ক্ষমতা রাখেন তিনি। এটা বাদে তিনি ভলোদিমির জেলেনস্কি যুদ্ধে জিতবেন কি না, তা নিয়ে মুখ খোলেননি। 

ফলে এবার যখন তিনি মন্তব্য করে গোটা বিষয়টিতে নিজেকে জড়িয়ে নিলেন, তখন তা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির রাজনৈতিক হিসাব-নিকাশকে আরও জটিল করে তুলেছে। এসব ব্যক্তির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন।

মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৪ সালের নভেম্বরে। তার আগেই যুদ্ধক্ষেত্রে অগ্রগতি যুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে দিতে পারে। তবে ট্রাম্প যে মন্তব্যই করুন না কেন, তা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। কারণ তিনি কয়েক মাস দীর্ঘ ব্লুপ্রিন্ট অনুসরণ করে মন্তব্য করেন না। এ ছাড়াও ইউক্রেনে রুশ ধ্বংসযজ্ঞের প্রমাণ থাকা সত্ত্বেও পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করার ব্যাপারে ট্রাম্পের যে অনিচ্ছা রয়েছে, সে বিষয়টিও তার মূল উদ্দেশ্যের ব্যাপারে প্রশ্ন তুলছে।  

ট্রাম্পের জন্য গোটা ইউক্রেন ইস্যুটিই আদতে অর্থকড়ির ব্যাপার। ক্ষমতায় থাকাকালীন সামরিক জোট ন্যাটোকে যেভাবে দেখতেন, এখন ইউক্রেনকে ওই একই দৃষ্টিভঙ্গিতে দেখছেন তিনি।

সিএনএন টাউন হল বৈঠকে সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অনেক যন্ত্রাংশ দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আমাদের নিজেদের জন্য অস্ত্র নেই।’ এ পর্যায়ে সিএনএন উপস্থাপক কাইটলান কলিন্স প্রশ্ন রাখেন, যুদ্ধের জন্য পুতিনের বিচার হওয়া উচিতÑ এমন মনে করেন কি না ট্রাম্প। এর উত্তরে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী বলেন, ‘আমি শুধু এটুকু বলব, আমি চাই ইউরোপ আরও অর্থ খরচ করুক।’

একদিক থেকে ট্রাম্প ঠিক বলেছেন। ইউক্রেনের প্রতিরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের চেয়েও বেশি খরচ করে যুক্তরাষ্ট্র। অথচ ভৌগলিকভাবে তাদের অবস্থান ইউরোপের তুলনায় দূরে। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত বাইডেন প্রশাসন সামরিক সহায়তায় ৩ হাজার ৬৯০ কোটি ডলার খরচ করেছে।

ওয়ার্ল্ড ইকোনমির কিয়েল ইনস্টিটিউটের তথ্যানুসারে, ইউরোপীয় ইউনিয়নের সংস্থাগুলো সামরিক সহায়তায় খরচ করেছে ৩৬০ কোটি ইউরো। তবে সদস্য রাষ্ট্রগুলো একত্রে এক হাজার ইউরোর বেশি খরচ করেছে। যুক্তরাজ্য এখন ইউরোপীয় ইউনিয়নের বাইরে। তারা বাড়তি হিসেবে ৬০০ কোটি ইউরোর বেশি খরচ করেছে। 

তবে একটি দিক নজর এড়িয়ে গেছে ট্রাম্পের। মার্কিন সামরিক ইতিহাসে যুক্তরাষ্ট্র-ইউরোপ অংশীদারিত্ব কীভাবে ইউরোপে প্রায় ৮০ বছর শান্তি বজায় রেখেছে এবং পশ্চিম ব্লককে ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরীক্ষায় পরিণত করেছে।

ইউরোপ কম খরচ করে– ট্রাম্পের এ অভিযোগের পক্ষে কথা বলেছেন স্বয়ং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রপ্রধান জোসেপ বরেল। বৃহস্পতিবার ব্রাসেলসে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের ভক্ত নই, কিন্তু তিনি একটি ব্যাপারে ঠিক– ইউরোপীয়রা তাদের বোঝার অংশ বইছে না।’ 

ট্রাম্পের মন্তব্য আমলে নেননি জেলেনস্কিও। তিনি বলেছেন, যখন নির্বাচন হবে তখন আমরা কে কোথায় থাকব, কে জানে। এদিকে, হাউস অব কমন্সে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বৃহস্পতিবার জানান, হোয়াইট হাউসে যে-ই থাকুন না কেন, মার্কিনরা ইউক্রেনকে সমর্থন করবে বলে বিশ্বাস করেন তিনি। সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা