প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৩ ১১:৪২ এএম
আপডেট : ১২ মে ২০২৩ ১১:৪৮ এএম
ইমরান খানের সঙ্গে তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) মামলায় মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণ থেকে খানকে গ্রেপ্তার করেছিল পাকিস্তান রেঞ্জার্স।
ইসলামাবাদ হাইকোর্ট খানের গ্রেপ্তারকে বৈধ বলার পরে পিটিআই ইমরানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
দেশটির শীর্ষ আদালত খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং বৃহস্পতিবার (১১ মে) তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টের আদেশে প্রতিক্রিয়া জানিয়ে গোল্ডস্মিথ এক টুইটবার্তায় লিখেছেন, ‘অবশেষে বোধ জয়ী হয়েছে।’
তিনি পাকিস্তানি পতাকার পাশাপাশি একটি হাই-ফাইভ ইমোজিও যোগ করেছেন।

প্রসঙ্গত, জেমিমা তার ছেলেদের সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করেন।
ইমরান তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআইয়ের অন্যান্য নেতার সঙ্গে পিটিআই সরকার এবং আল-কাদির ট্রাস্টের মধ্যে একটি অবৈধ লেনদেন সম্পর্কিত মামলায় এনএবির তদন্তের মুখোমুখি হচ্ছেন।
এনএবির দাবি, ওই অবৈধ লেনদেনের কারণে জাতীয় কোষাগারের ১৯০ মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে।
তাদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়ার মৌজা বাকরালায় ৪৫৮ কানালের বেশি জমির অযৌক্তিক সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।
সূত্র : জিও নিউজ