× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হয়তো সহ্যের শেষ সীমায় পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৩ ১২:৪৩ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১২:৫৬ পিএম

ইমরান খানের এক সমর্থক করাচিতে নিরাপত্তা বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মারছেন। ছবি : আলজাজিরা

ইমরান খানের এক সমর্থক করাচিতে নিরাপত্তা বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মারছেন। ছবি : আলজাজিরা

সাদামাটা একটি দিনের প্রত্যাশা নিয়েই ৯ মে লাহোর থেকে ইসলামাবাদের আদালতে এসেছিলেন ইমরান খান। হঠাৎই পাল্টে যায় সে দৃশ্যপট। আধাসামরিক বাহিনীর প্রায় অর্ধশত সদস্য এসে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে নিয়ে যায় তাকে। পরে জানা যায়, তাকে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) গ্রেপ্তার করেছে। 

মুহূর্তের মধ্যে পাল্টে যায় পাকিস্তানের পরিস্থিতি। অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির বহু শহরে রাস্তায় নেমে আসেন পিটিআইয়ের সমর্থকরা। ক্যান্টনমেন্টসহ বহু স্থাপনায় চালানো হয় হামলা। এসব ঘটনার মাত্র ১৩ মাস আগে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তারপর থেকেই ক্ষমতাসীন শাহবাজ শরিফের সরকার এবং পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে সরব ছিলেন তিনি।

চলতি বছরের শেষে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইমরান শুরু থেকেই আরও আগে নির্বাচন দেওয়া হোক-এমন দাবি জানিয়ে আসছিলেন। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে হয়তো কারাপ্রকোষ্ঠের ভেতর থেকে নির্বাচন দেখতে হবে তাকে।

ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে জমিসংশ্লিষ্ট দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে। তিনি সে অভিযোগ অস্বীকার করেছেন। ধারণা করা হচ্ছে, সামরিক বাহিনীর সঙ্গে ব্তিণ্ডার জেরেই মূলত গ্রেপ্তার হয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। ৬ মে এক জনসমাবেশে ইমরান খান বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা শাখার মেজর জেনারেল ফয়সাল নাসির তাকে হত্যার ষড়যন্ত্র করছেন। এর পরপরই এক বিবৃতিতে সে দাবি প্রত্যাখ্যান করে সামরিক বাহিনীর প্রকাশনা শাখা। এর এক দিন পরই গ্রেপ্তার হন তিনি।

পাকিস্তানের রাজনৈতিক ও সাংবিধানিক সংকটে যোগ হওয়া নতুন ধাপ এটি। ইমরান খান কখনই তাকে অপসারণের বৈধতা স্বীকার করে নেননি। কিন্তু শরিফ ও তার সরকার মূলত নির্বাচনের আগে ধুঁকতে থাকা অর্থনীতির পেছনে সময় ব্যয় করতে আগ্রহী। 

চলতি বছরের এপ্রিলে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি গিয়ে দাঁড়ায় ৩৬.৪ শতাংশে। খাদ্যমূল্যের স্ফীতি গিয়ে ঠেকেছে ৪৮.১ শতাংশে। পাকিস্তানের জিডিপি উন্নয়ন এ বছর ০.৫ শতাংশ হবে। ২০২৬ সালের জুন নাগাদ তাদের আনুমানিক ৭ হাজার ৭৫০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাড়ে ছয়শ কোটি ডলারের সহায়তা আসারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অবস্থা এমন একটি পর্যায়ে এসে ঠেকেছে যে, চীনের কাছ থেকে দ্বিপক্ষীয় সহায়তা পাওয়ার পরও খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে তারা।

সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ সফরে গিয়ে দেশটিকে নিজেদের রাজনৈতিক অস্থিরতা দূর করতে এবং অর্থনীতির উন্নয়নে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এ মুহূর্তে পাকিস্তান মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইমরান খানের গ্রেপ্তারের পর ছোট প্রতিবাদগুলো সহিংস হয়ে উঠছে। সবচেয়ে বিপজ্জনক যা দেখা গেছে, তা হলো মানুষ ক্যান্টনমেন্টে হামলা চালিয়েছে। এর আগে এ রকমটি দেখা যায়নি। লাহোরে এক উচ্চপদস্থ সামরিক কমান্ডারের সুরক্ষিত বাড়িতে ঢুকে আসবাবে আগুন দিয়েছে, জানালা ভেঙেছে এবং ঘরের অনেক জিনিস নিয়েও এসেছে প্রতিবাদকারীরা। 

পাকিস্তানের মতো দেশে, যেখানে সেনাবাহিনীকে মানুষ ভয় পায় ও সমীহের দৃষ্টিতে দেখে, সেখানে এ রকম পরিস্থিতি বেশ অস্বাভাবিক ও নাটকীয়। দেশটিতে এখন সামাজিক মাধ্যমে ঢুকতে, ইন্টারনেট ব্যবহার করতে এবং মোবাইল ফোন নেটওয়ার্ক পেতে সমস্যা হচ্ছে মানুষের। 

সামরিক বাহিনীর সুদৃষ্টি থেকে কোনো নেতার বাদ পড়ার ঘটনা পাকিস্তানে এটি প্রথম নয়। যেটি নতুন, তা হলো- ইমরান খান ও তার সমর্থকদের সামরিক বাহিনীর সঙ্গে বিতণ্ডায় জড়ানোর দৃঢ়তা। পাকিস্তান হয়তো সহ্যের শেষ সীমার খুব কাছে রয়েছে।

সূত্র : ইকোনমিস্ট

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা