প্রবা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৭ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:২২ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
ইউক্রেনের পাল্টা হামলার জবাবে পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র ব্যবহার না করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রয়টার্স জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এ আহ্বান জানান। স্থানীয় সময় রবিবার এ সংক্রান্ত পুরো সাক্ষাৎকার প্রচারের কথা রয়েছে।
এ সপ্তাহেই ইউক্রেনের সামরিক বাহিনীর আক্রমণে দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ বাহিনী। এসব এলাকা পুনরুদ্ধার করতে পুতিন আরও বড় কোনো পদক্ষেপ নিতে পারেন বলে আশঙ্কা করছে পশ্চিমারা।
কারণ এর আগেই পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মস্কোর সেনাদের চাপে ফেলা হলে আরও জোরালো প্রতিক্রিয়া জানাবেন তিনি।
তার এ হুঁশিয়ারির কারণে পশ্চিমারা ভাবছেন, এ যুদ্ধে পুতিন যেকোনো সময় কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন।
এ প্রসঙ্গে শনিবার সিবিএস নিউজে প্রকাশিত সাক্ষাৎকারের একটি ক্লিপে ‘৬০ মিনিটস’-এর এক প্রতিবেদক বাইডেনের কাছে জানতে চান, পুতিন যদি ইউক্রেনে পারমাণবিক বা রাসায়নিক অস্ত্রের মতো অপ্রচলিত কোনো অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করেন তাহলে তাকে আপনি (বাইডেন) কী বলবেন?
জবাবে বাইডেন বলেন, ‘পুতিন করবেন না। করবেন না। করবেন না। এটি করা হলে যুদ্ধের চেহারা এমনভাবে বদলে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ কখনও দেখেনি।’
রাশিয়ার সরকারি কর্মকর্তারা পশ্চিমাদের এসব বক্তব্য বরাবরের মতোই প্রত্যাখ্যান করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। তার আগে পুতিন এক বক্তৃতায় বলেন, পশ্চিমারা যদি তাদের অভিযানে হস্তক্ষেপ করে তবে এর প্রতিক্রিয়া হিসেবে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন।
প্রবা/এনএস/এইচকে/ এসআর