× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে রেললাইন বসাতে চায় যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ২১:২৯ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ২১:৪৯ পিএম

মধ্যপ্রাচ্যে রেললাইন বসাতে চায় যুক্তরাষ্ট্র

সৌদি আরবে গিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদির যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান।

ওই বৈঠকে পশ্চিম এশিয়ায় রেললাইন বসানো নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত চার দেশ মিলে এই প্রকল্প গড়তে চায়। শুধু রেললাইন নয়, পানিপথেও পশ্চিম এশিয়ার সঙ্গে ভারত হয়ে দক্ষিণ এশিয়ার যোগাযোগ আরও পোক্ত করার বিষয়েও আলোচনা হয় চার নেতার। 

এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তার পাওয়ায় পালটা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র রেললাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই প্রকল্প গড়তে চায়। এতে লাভবান হবে ভারত ও আরব দেশগুলো।

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক ছাড়াও সে দেশে দ্বিপক্ষীয় বৈঠক হয় ডোভাল ও সালিভানের। গত কোয়াড বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুই দেশের অগ্রগতি নিয়ে সেই বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। এদিকে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান রবিবার সৌদি আরবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সৌদি প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। আরও নিরাপদ ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্য গড়ে তুলতে যৌথভাবে কাজ করা নিয়ে কথা হয় তাদের। পাশাপাশি একই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া নিয়েও আলোচনা হয় বৈঠকে। এই অঞ্চল যাতে ভারত এবং বাকি বিশ্বের সঙ্গে বেশি করে যুক্ত থাকে, তা নিয়েও মতবিনিময় করা হয়।

গত মার্চে ইরানের সঙ্গে সৌদির সম্পর্ক পুনঃস্থাপন চুক্তিতে মধ্যস্থতা করেছিল চীন। ইরানের সঙ্গে সম্প্রতি চীনের সম্পর্ক বেশ ভালো। এই আবহে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর চীন তার নিজের প্রভাব বিস্তার করতে চাইছে। এদিকে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো। এককালে ইরান থেকেই সর্বোচ্চ পরিমাণ জ্বালানি তেল আমদানি করত ভারত। তবে মার্কিন নিষেধাজ্ঞার পর সেই আমদানিতে ছেদ পড়ে। 

এদিকে ইরানের চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ নিয়েও সম্প্রতি শুরু হয়েছে জটিলতা। এদিকে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির সম্পর্ক চিরকালই ভালো ছিল, তবে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর থেকে সেই সম্পর্কে চিড় ধরেছে। সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের চিড় ধরা সম্পর্ক জোড়া লাগাতে ‘মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ করছে ভারত। এই অঞ্চলে যাতে চীন প্রভাব বিস্তার না করে, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা