প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মে ২০২৩ ১০:২৯ এএম
আপডেট : ০৮ মে ২০২৩ ১২:২২ পিএম
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৭ মে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউনসভিলে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে গাড়িচাপায় সাতজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। চালককে আটক করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সময় রবিবার (৭ মে) রাজ্যটির মেক্সিকো সীমান্তবর্তী শহর ব্রাউনসভিলের একটি বাস স্টপেজে এ দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের কাছেই গৃহহীন ও অভিবাসীদের জন্য একটি আশ্রয়কেন্দ্র রয়েছে।
গাড়িচাপার ঘটনায় যে ছয়জন আহত হয়েছেন তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। অভিযুক্ত চালককে আটক করে মামলা করা হয়েছে। ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কি না স্পষ্ট নয় বলে জানিয়েছে ব্রাউনসভিল পুলিশ।
যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা কর্মকর্তাদের মতে, ব্রাউনসভিল শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের আগমন ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে দেখা গেছে। মালডোনাডো স্থানীয় মিডিয়াকেও বলেছেন, গত দুই মাসে ওজানাম সেন্টার নামে ওই আশ্রয়কেন্দ্রে যেখানে ২৫০ জন লোক থাকতে পারে, সেখানে প্রতিদিন ৩৮০ জনকে পরিচালনা করতে হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় ব্রাউনসভিলের কর্মকর্তারা গত মাসে ‘বিপর্যয় ঘোষণা’ করেন। পরে টেক্সাসের অন্যান্য সীমান্ত শহরও তা অনুসরণ করে।
এর আগে শনিবার (৬ মে) টেক্সাসের ডালাসের কাছে একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হন। পরে সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবারের ওই হামলায় আরও অনেকে আহত হন। তার মধ্যে সাতজন এখনও হাসপাতালে; যার তিনজনের শারীরিক অবস্থা গুরুতর। ডালাস থেকে ২৫ মাইল দূরে অ্যালেন শহরের একটি শপিং মলে শনিবার স্থানীয় সময় বিকাল পৌনে ৪টায় ওই গোলাগুলির ঘটনা ঘটে।
সূত্র : রয়টার্স