প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৩ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৩ এএম
ছবি : সংগৃহীত
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে উভয় দেশের মধ্যে সীমানা নিয়ে বিতর্ক চলছে। যে কারণে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও গত সপ্তাহের শুরুতে নতুন করে সংঘর্ষ বাধে এবং তা শুক্রবারও অব্যাহত ছিল। উভয় পক্ষই সহিংসতা শুরু করা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাজিকিস্তানের হামলায় কিরগিজস্তানে এখন পর্যন্ত প্রায় ২৪ জন নিহত হয়েছেন।
অন্যদিকে তাজিকিস্তান থেকে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে অন্তত তিনজন নিহত হয়েছেন।
রেড ক্রসের একটি আঞ্চলিক শাখা জানিয়েছে, সহিংসতা এড়াতে প্রায় ২০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। এই সংঘর্ষ দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা নতুন করে তৈরি করেছে।
এর আগে ২০২১ সালে উভয় দেশের মধ্যে নজিরবিহীন সংঘাতে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছিল। গত বুধবার তিনটি পৃথক ঘটনায় কমপক্ষে দুজন নিহত হওয়ার পর এ দুই দেশের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে।
কিরগিজ সীমান্তরক্ষীরা তাজিকিস্তানকে সীমান্তের বিতর্কিত অংশে অবস্থান নেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। অন্যদিকে তাজিকিস্তান বলেছে, কিরগিজ রক্ষীরা বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে।
মধ্য এশিয়ার এই দুই দেশের মধ্যে ১ হাজার কিমি (৬০০ মাইল) সীমান্ত রয়েছে। সীমান্তের এক তৃতীয়াংশেরও বেশি বিতর্কিত। উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়ার। আর তাই মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পাশাপাশি শুক্রবার সহিংসতা বন্ধের জন্য ‘জরুরি’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।
স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা থেকে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু কিরগিজস্তান জানায়, তার দুটি গ্রামে গোলাবর্ষণ করা হয়েছে। এমনকি হামলায় ট্যাংক ও সাঁজোয়া যান ব্যবহার করার অভিযোগও এনেছে দেশটি।
অন্যদিকে কিরগিজ বাহিনী ভারী অস্ত্র দিয়ে একটি ফাঁড়িসহ সাতটি গ্রামে গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে তাজিকিস্তান।
প্রবা/এনএস/ এসআর