প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৩ ১২:৩২ পিএম
আপডেট : ০৪ মে ২০২৩ ১৩:২৫ পিএম
মঞ্চে অন্যান্য বিরোধী নেতার পাশে কিলিকদারোগ্লু সমর্থকদের জন্য হাত দিয়ে তার ট্রেডমার্ক হার্ট ইমোজি তৈরি করেন। ছবি : বিবিসি
তুরস্কে স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির দীর্ঘদিনের শাসক রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ছয়দলীয় বিরোধী জোটের সমর্থিত প্রার্থী কামাল কিলিকদারোগ্লু।
তিনি বিবিসিকে বলেন, ‘তরুণরা গণতন্ত্র চায়। তারা চায় না যে, পুলিশ ভোরবেলা তাদের দরজায় আসুক, কারণ তারা টুইট করেছে।’
তিনি ১৪ মে অনুষ্ঠেয় নির্বাচনে ইসলামপন্থি নেতা এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন।
৭৪ বছর বয়সি প্রধান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতৃত্ব দানকারী কামাল কিলিকদারোগ্লু আরও বলেন, ‘বর্তমানে তুর্কিদের প্রেসিডেন্টের সমালোচনা করার জন্য জেলে যেতে হয়। আমি তরুণদের বলছি, তারা নির্দ্বিধায় আমার সমালোচনা করতে পারে। আমি নিশ্চিত করব যে, তাদের এ অধিকার আছে, থাকবে।’
তিনি বলেন, ‘তুরস্কের রাজনীতিতে থাকা মানে ঝুঁকির জীবন বেছে নেওয়া। এরদোয়ান এবং তার মিত্ররা যা-ই করুক না কেন আমি আমার পথেই হাঁটব। তারা আমাকে থামাতে পারবে না। তারা আমাকে ভয় দেখাতে পারবে না। আমি এ জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছি।’
৬৯ বছর বয়সি প্রেসিডেন্ট এরদোয়ান অতীতে তার প্রতিদ্বন্দ্বীকে উপহাস করে বলেছিলেন যে, ‘তিনি একটি ভেড়াও পালতে পারেননি। কিন্তু তাকে এখন বরখাস্ত করা কঠিন।’
বিরোধীদের শক্ত ঘাঁটি ইজমিরের বন্দরনগরীর সমাবেশে পৌঁছানোর পর এই বিরোধী প্রার্থীকে পতাকা নেড়ে স্বাগত জানান শত শত সমর্থক।
এ সময় সমর্থকরা ‘কিলিকদারোগ্লু জনগণের আশা’ বলে স্লোগান দেন। সমর্থকদের মধ্যে অনেকেই তরুণ এবং এ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন বলে জানা গেছে।
দেশটিতে নতুন ভোটারের সংখ্যা ৫ লাখ।
সমাবেশে কিলিকদারোগ্লু বলেন, ‘আমরা সভ্য বিশ্বের অংশ হতে চাই। আমরা মুক্ত গণমাধ্যম এবং সম্পূর্ণ বিচারিক স্বাধীনতা চাই। এরদোয়ান সেভাবে ভাবেন না। তিনি আরও স্বৈরাচারী হতে চান। আমাদের এবং এরদোয়ানের মধ্যে পার্থক্য হলো কালো এবং সাদার মধ্যে পার্থক্য।’
রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তাকে অবসর দেব এবং তাকে তার কোণে পাঠিয়ে দেব। তিনি চুপচাপ পিছিয়ে যাবেন। এটা নিয়ে কারও কোনো উদ্বেগ থাকা উচিত নয়।’
এদিকে তুর্কি নেতা হেরে গেলে ফলাফল নিয়ে বিতর্ক করার প্রস্তুতি নিচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সতর্ক করেছেন যে, ওই ভোট হবে ‘পশ্চিমের অভ্যুত্থান প্রচেষ্টা।’
কিলিকদারোগ্লু বলেছেন, ‘সম্মিলিত বিরোধী দল সজাগ থাকবে। প্রেসিডেন্ট এবং তার সুপ্রিম ইলেকশন কাউন্সিল বা তার বিচারকদের কাউকেই বিশ্বাস করবে না বিরোধী জোট।’
এরদোয়ান ক্ষমতায় থাকলে দাম বাড়তে থাকবে বলেও সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, ‘এখন ১ কেজি পেঁয়াজের দাম ৩০ লিরা। যদি তিনি থাকেন তবে এটি ১০০ লিরা হবে।’
মঞ্চে অন্যান্য বিরোধী নেতার পাশে কিলিকদারোগ্লু সমর্থকদের জন্য হাত দিয়ে তার ট্রেডমার্ক হার্ট ইমোজি তৈরি করেন।
অন্যদিকে জনমত জরিপের একটি নতুন সমীক্ষা বলছে, কিলিকদারোগ্লু প্রেসিডেন্ট পদে জয়ী হবেন, তবে এরদোয়ানের জোট পার্লামেন্টের দৌড়ে এগিয়ে রয়েছে।
সূত্র : বিবিসি