প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মে ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ০১ মে ২০২৩ ১৬:০৩ পিএম
জ্যাক মা। ছবি: সংগৃহীত
চীনভিত্তিক বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মাকে জাপানের একটি কলেজের ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তিনি টোকিও কলেজে অধ্যাপনা শুরু করবেন।
সোমবার (১ মে) টোকিও বিশ্ববিদ্যালয় এক বিৃবতিতে জানায়, জ্যাক মা’য়ের কাছে ইতোমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। অক্টোবরে তার মেয়াদ শেষ হবে। তবে তিনি চাইলে মেয়াদ আরও বাড়ানো যাবে।
কিন্তু বিশিষ্ট এই চীনা উদ্যোক্তা টোকিও বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যোগ দিলে টোকিও কলেজে গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়, ব্যবস্থাপনা এবং স্টার্ট-আপ ব্যবসা নিয়ে লেকচার দেবেন জ্যাক মা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, টোকিও বিশ্ববিদ্যালয়ের অধীন টোকিও কলেজ ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এটার মধ্য দিয়ে বিদেশি গবেষক, অধ্যাপক ও ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে টোকিও বিশ্ববিদ্যালয়।
সূত্র : রয়টার্স