প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মে ২০২৩ ১১:৪১ এএম
আপডেট : ০১ মে ২০২৩ ১২:১৮ পিএম
পাঁচ প্রতিবেশীকে হত্যাকারী ফ্রান্সিসকো ওরোপেজা। ছবি : বিবিসি
যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাঁচ প্রতিবেশীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা এফবিআই।
এক এফবিআই এজেন্ট বলেছেন, সন্দেহভাজন ৩৮ বছর বয়সি ফ্রান্সিসকো ওরোপেজা সশস্ত্র এবং বিপজ্জনক ব্যক্তি।
শিশুকে ঘুমানোর সময় শুটিং বন্ধ করতে বলায় ফ্রান্সিসকো ওরোপেজা ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীদের ওপর গুলি চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিহতরা সবাই হন্ডুরাসের বাসিন্দা এবং তাদের মধ্যে ৮ বছরের একটি শিশুও রয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলেন-সোনিয়া আর্জেন্টিনা গুজম্যান, ডায়ানা ভেলাজকুয়েজ আলভারাডো, জুলিসা মোলিনা রিভেরা, হোসে জোনাথন ক্যাসারেজ এবং ড্যানিয়েল এনরিক লাসো।
ওরোপেজা একটি এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল ব্যবহার করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
শেরিফ ক্যাপার্স বলেন, যারা নিহত হয়েছেন তাদের ঘাড়ের ওপরে গুলি করা হয়েছে।
হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এনরিক রেইনা টুইট বার্তায় লিখেছেন, ‘আমরা এই অপরাধের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’
এফবিআই হিউস্টন স্পেশাল এজেন্ট ইন চার্জ জেমস স্মিথ সাংবাদিকদের বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার কোথাও লুকিয়ে আছেন এবং সে সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ।’
স্থানীয় শেরিফ গ্রেগ ক্যাপার্স বলেছেন, ‘আমরা ঘোড়া ও কুকুরের পিঠে এবং আকাশে ড্রোন দিয়ে তাকে ট্র্যাক করছি। তিনি এখন যেকোনো জায়গায় থাকতে পারেন।’
গত শুক্রবার রাতে হিউস্টনের উত্তরে সান জাকিন্টো কাউন্টির ছোট্ট শহর ক্লিভল্যান্ডে ওই গুলি চালানোর ঘটনা ঘটে।
স্থানীয় শেরিফের অফিস বলেছে, তারা প্রাথমিকভাবে ‘হয়রানি’ সম্পর্কে একটি কল পেয়েছিলেন।
সূত্র : বিবিসি