প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৪:৩২ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৫:০৮ পিএম
ফ্লাইওন আর্মেনিয়া নামের এয়ারলাইনের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে তুরস্ক। ছবি: সংগৃহীত
আর্মেনিয়ার ফ্লাইওন আর্মেনিয়া নামের একটি এয়ারলাইনের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে তুরস্ক। শনিবার (২৯ এপ্রিল) কোনো ধরনের সতর্ক বার্তা ছাড়াই ওই সংস্থাটির বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর্মেনপ্রেস এ তথ্য জানিয়েছে।
স্বল্পমূল্যে আকাশপথে ভ্রমণের সুযোগ দিয়ে থাকে এয়ারলাইনটি।
ফ্লাইওনের চেয়ারম্যান আরাম অনন্যান বলেন, কোনো ধরনের যৌক্তিক কারণ এবং দৃশ্যমান ভিত্তি ছাড়াই তুর্কি বিমান চলাচল কর্তৃপক্ষ ফ্লাইওন আর্মেনিয়া এয়ারলাইনের তুর্কি আকাশসীমা হয়ে ইউরোপে ফ্লাইট পরিচালনার পূর্বানুমতি বাতিল করেছে। তুর্কি বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকাশসীমা বন্ধ করে দেয়। যে কারণে আমাদের এয়ারলাইনস ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
মোলডোভান এয়ারলাইন ফ্লাইওনের একটি সহায়ক সংস্থা ফ্লাইওন আর্মেনিয়া। ২০২১ সালের ডিসেম্বরে সংস্থাটি কার্যক্রম শুরু করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অনন্যান আর্মেনপ্রেসকে জানান, তাদের বহরে পাঁচটি এয়ারবাস বিমান আছে। যার মাধ্যমে ইউরোপে ৮টি ও মধ্যপ্রাচ্যে ১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে।
১৯৯০ সাল থেকে আর্মেনিয়ার সঙ্গে আঙ্কারার কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই। আধুনিক তুরস্কের পূর্বসূরি অটোমান সাম্রাজ্যের সময় ১৯১৫ সালে আর্মেনিয়া ১৫ লাখ লোককে হত্যার ঘটনায় দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আর্মেনিয়া ওই ঘটনাকে গণহত্যা দাবি করে আসছে। যদিও তুরস্ক এ দাবি নাকচ করে দিয়েছে।
সূত্র : রয়টার্স